‘ইরানে হামলায় পাকিস্তানি জঙ্গি গ্রুপকে মদদ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র’
ইরানে গেরিলা হামলার জন্য পাকিস্তানের একটি জঙ্গি গ্রুপকে মদদ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য গোপনে তাদের অর্থ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার এ তথ্য দিয়েছে এবিসি নিউজ।
এবিসি জানায়, জঙ্গিদের মদদ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, ইরানি ভূখণ্ডে ঢুকে দেশটির সামরিক কর্মকর্তাদের ওপর হামলা চালানো ও গ্রেপ্তার করা।
ইরান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ‘জান্দাল্লাহ’ গ্রুপটিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে এবিসি জানায়। পাকিস্তানে অভ্যন্তরেই অত্যন্ত গোপনে চলছে সে প্রশিক্ষণ।
গত ফেব্রুয়ারিতে ইরানে রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর বাসে বোমা হামলার দায়িত্ব এ বাহিনী স্বীকার করেছিল। ওই হামলায় ১১ জন নিহত হন।
পাকিস্তান সরকারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এবিসি আরও জানায়, ইরানের বিরুদ্ধে অভিযানের সম্ভাব্যতা নিয়ে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির পাকিস্তান সফরের সময়েই আলোচনা হয়।
তবে এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করা হলে তারা কথা বলতে চায়নি।
ওয়াশিংটন সরকারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এবিসি জানায়, তালেবানদের রুখতে ২০০৫ সালে ‘জান্দাল্লাহ গ্রুপ ও এর নেতা আবদুল মালিক রেজির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে যুক্তরাষ্ট্র। তবে গ্রুপটিকে সরাসরি অর্থ যোগানোর কথা অস্বীকার করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, তারা শুধু আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধেই বেলুচ ওই জঙ্গি গ্রুপটিকে ব্যবহার করছে।
তবে গ্রুপটির নেতা আবদুল মালিক রাজি দাবি করেছেন, তারা ইতোমধ্যেই বেশ কয়েকজন ইরানি সেনাকে গ্রেপ্তার ও হত্যাও করেছেন। আটকদের একটি ভিডিও ফুটেজও প্রচার করেন তারা।
এনিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার সিআইএ’র সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, বিষয়টি সত্য নয়।
