২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ইউশেঙ্কো

পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইউশেঙ্কো। সোমবার এ সংক্রান্ত এটি ডিক্রি জারি করেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 01:53 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠের সমর্থনপুষ্ট প্রধানমন্ত্রী ভিক্তর ইয়ানুকোভিচ প্রেসিডেন্টের ঘোষণার বিপক্ষে অবস্থান নিয়েছেন। ফলে সাবেক এ রুশ প্রজাতন্ত্রে নতুন করে রাজনৈতিক সঙ্কট দেখা দিতে যাচ্ছে।

পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রাইন প্রেসিডেন্ট ইউশেঙ্কো জাতির উদ্দেশে ভাষণে বলেন, “পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে একটি ডিক্রি আজ (সোমবার) আমি জারি করেছি। সাংবিধানিক ক্ষমতা বলেই আমি তা করেছি। দেশের সার্বভৌমত্ব অক্ষুণœ রাখতে এর বিকল্প ছিল না।”

প্রেসিডেন্টের অভিযোগ, পার্লামেন্ট সংবিধান লঙ্ঘন করে চলছিল। দেশের পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন ইউশেঙ্কো।

তিনি আগামী ২৭ মে পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

এদিকে রুশ সমর্থনপুষ্ট প্রধানমন্ত্রী ভিক্তর ইয়ানুকোভিচ প্রেসিডেন্টর ঘোষণার বিরোধিতা করেছেন। ঘোষিত ডিক্রি অবিলম্বে প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, “প্রেসিডেন্ট দেশকে অরাজতার দিকে ঠেলে দিতে চলেছেন। আর এর ফলে সৃষ্ট পরিস্থিতির দায়ভার তার ওপরই বর্তাবে।”

পার্লামেন্টও প্রেসিডেন্টর ঘোষণার বিরোধিতায় সরব। তবে প্রেসিডেন্ট সমর্থিত প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি রিস্তোঙ্কো জানিয়েছেন, সামরিক বাহিনী প্রেসিডেন্টের নির্দেশই পালন করবে।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, প্রেসিডেন্টের ঘোষণার প্রতিবাদে প্রধানমন্ত্রী সমর্থকরা রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারে। ফলে দেশ পুনরায় অচলাবস্থার দিকে চলে যেতে পারে।

বিশ্লেষক ওলেস দোনাই বলেন, “এটা ঠিক প্রেসিডেন্ট ক্ষমতার অথিরিক্ত প্রয়োগ করেছেন। তবে পার্লামেন্টও তো সংবিধান লঙ্ঘন করে আসছিল।

ইউক্রেনে নতুন করে অচলাবস্থা দেখা দেওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাককরম্যাক এক বিবৃতিতে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

দুই বছর আগে শান্তিপূর্ণ গণবিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন হয় ইউক্রেনে। যাকে ‘কমলা বিপ্লব’ নামে অভিহিত করা হয়। নির্বাচনে ইয়ানুকোভিচকে হারিয়ে ক্ষমতায় বসেন ইউশেঙ্কো। ওই রির্বাচনে ফলাফল কারচুপি ঠেকাতে মাঠে নেমে আসে জনতা।

তবে পরে ক্ষমতাসীন হয়ে আগের জনপ্রিয়তা হারান ইউশেঙ্কো। আর তার জোটেও ভাঙ্গন ধরে। ফলে গত বছরের পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠন করে ইয়ানুকোভিচের দল। আর প্রধানমন্ত্রী হন ইয়ানুকোভিচ। তবে ক্ষমতার ভাগ নিয়ে তাদের রশিটানাটানি চলতেই থাকে।