আরব শান্তি পরিকল্পনায় ইইউর সমর্থন
আরব শান্তি প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার জার্মানিতে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে নতুন ফিলিস্তিনি সরকারের হামাস সদস্য ছাড়া অন্যদের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলা হয়।
ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা গত সপ্তাহে সৌদি আরবে এক সম্মেলনে পুনরুজ্জীবিত আরব শান্তি প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থন জানান। আরব প্রস্তাব অনুযায়ী অধিকৃত ভূখণ্ড ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্যাঞ্জেল মোরাতিনোস সাংবাদিকদের বলেন, “শান্তির এ সুযোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতছাড়া করা ঠিক হবে না।”
তিনি বলেন, “অনেক আলোচনার পর হামাসের সদস্য নয় এমন ফিলিস্তিনি মন্ত্রীদের সঙ্গে, যেমন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা হবে ঠিক হয়েছে।”
২৭ জাতির ইইউ গত বছর হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারকে প্রত্যাখান করেছিল।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাংক ওয়াল্টার স্টেইনমেয়ার এর আগে ফিলিস্তিনি নতুন সরকার সম্পর্কে বলেন, “এ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছি আমরা। তবে ওই সরকারের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই আমাদের পরবর্তী মূল্যায়ন হবে। ফলে এ মূহূর্তে ব্যক্তি পর্যায়েই সীমিত থাকছে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে যোগাযোগ।”
ইইউর বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিশনার বেনিতা ফেরেরো ওয়াদনার ১১ এপ্রিল ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছেন ফিলিস্তিনের অর্থমন্ত্রী সালাম ফায়েদকে। বিকল্প পথে ফিলিস্তিনে সাহায্য পাঠানো নিয়ে তারা আলোচনা করবেন।
তবে একইসঙ্গে ওয়াদনার বলেছেন, রাতারাতি কোনোকিছু আশা করাটা ঠিক হবে না। আরও কিছুদিনের জন্য হলেও সরকারকে পাশ কাটিয়ে বিকল্প পথে সাহায্য পাঠানোর সাময়িক ব্যবস্থাটি চালু রাখতে হবে।
এদিকে তিনদিনের মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, “মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় এখন কতোটা কী করার সুযোগ পাওয়া যায় তা দেখতে হবে আমাদের। যদিও আমি মনে করি, সামনে খুবই দীর্ঘ এবং কঠিন পথ পাড়ি দিতে হবে।”
এই দফায় লেবানন, জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চল সফর করবেন মার্কেল। পুনরায় শুরু করা আরব শান্তি উদ্যোগকে ইসরায়েল সতর্কতার সঙ্গে স্বাগত জানানোর পর জার্মানির চ্যান্সেলর একথা বললেন।
