পরমাণু স্থাপনায় ক্যামেরা বসাতে ইরানকে আইএইএ’র চিঠি
ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপনের জন্য দেশটিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ)। দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের পরও দেশটি এ প্রস্তাব মেনে না নিলে সঙ্কট আরও ঘনীভূত হবে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী মে মাসের মধ্যে ‘বড় পরিসরে’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করার কথা রয়েছে ইরানের। এ লক্ষ্যে ইতোমধ্যেই নাতাঞ্জের ভূগর্ভস্থ স্থাপনায় প্রায় হাজারখানেক ‘সেন্ট্রিফিউজ’ স্থাপন করেছে দেশটি।
এ পরিস্থিতিতে পরমাণু স্থাপনার কার্যক্রম পর্যবেক্ষণে আগে থেকেই নজরদারি নিশ্চিত করতে চাইছে আইএইএ। তাই কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে ইরানের কাছ থেকে সিদ্ধান্ত জানতে চেয়ে দেশটিকে চিঠি দিয়েছেন জাতিসংঘ সংস্থাটির পরমাণু নিরাপত্তা বিষয়ক পরিচালক ওলি হেইনোনেন। মঙ্গলবার সংস্থাটির এক বৈঠকে চিঠি দেওয়ার এ সিদ্ধান্ত হয়।
যদিও ইরান বলেছে, আইএইএ-কে ক্যামেরা বসানোর অনুমতি দিতে আইনগতভাবে বাধ্য নয় তারা।
আইএইএ এর ৩৫টি সদস্য দেশের উপস্থিতিতে গত সপ্তাহের বৈঠকে ইরান বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেনি সংস্থাটি।
এদিকে ব্রিটিশ নৌসেনা নিয়ে অচলাবস্থাকে পরমাণু ইস্যু থেকে দৃষ্টি সরানোর একটি চেষ্টা বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক।
