‘রাজনীতিবিদদের ওপর প্রচার মাধ্যমের চাপ এখন অনেক বেশি’
রাজনীতিবিদদের ওপর প্রচার মাধ্যমের চাপ এখন অনেক বেশি। এমন কি মাঝে মধ্যে তা মাত্রা ছাড়িয়ে যায়। এমন অভিমত যুক্তরাষ্ট্রের দুই সাবেক প্রেসিডেন্টের। এরা হলেন জর্জ বুশ সিনিয়র ও বিল ক্লিনটন।
বৃহস্পতিবার ফ্লোরিডায় এক সভায় ভাষণ দেন দুই সাবেক প্রেসিডেন্ট। সেখানে উভয়েই এ বিষয়ে একমত হন যে রাজনীতিবিদরা এখন প্রচার মাধ্যমের খাঁড়ার তলে রয়েছেন। আর এর ফলে ভালো মানুষরা রাজনীতিতে আসার উৎসাহ হারাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্টের বাবা জর্জ বুশ বলেন, “রাজনীতিবিদদের সঙ্গে প্রচার মাধ্যমের এত কর্কশ আচরণ আগে কখনও দেখিনি। মাঝে মধ্যে তো তা নোংরামির পর্যায়ে চলে যায়। ”
বিল ক্লিনটনও এর সঙ্গে সহমত প্রকাশ করেন। তারা দুজনেই বলেন, দায়িত্বে থাকাকালীন তাদেরও সাংবাদিকদের কঠোর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু তাতে পরস্পরের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ থাকত।
তারা বলেন, এখন রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক মাতামাতি করছে পত্র পত্রিকা ও টেলিভিশন।
বিল ক্লিনটন বলেন, “পত্র পত্রিকার পাশাপাশি ইন্টারনেট সাইটগুলোতেও রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবনাচরণ নিয়ে আলোচনা ছড়াছড়ি দেখি। এর ফলে তাদের ভালো কিছু করার ইচ্ছা নষ্ট হয়ে যায়।”
দুই সাবেক প্রেসিডেন্টই আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান সময় বিশেষ করে নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখন এসব আচরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
