২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিসুতে সেনা অভিযানে নিহত ১১

বিদ্রোহীদের দমনে সোমালিয়ায় ব্যাপক অভিযান শুরু করেছে ইথিওপিয়া ও সোমালিয়ার যৌথবাহিনী। এতে ১১ জন বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 05:15 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার যৌথবাহিনী ট্যাঙ্ক নিয়ে রাস্তায় নামে। ভোরে উত্তর মোগাদিসুর রামাদান শহরে বিদ্রোহীদের ঘাঁটি এবং চারপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। পাশাপাশি হেলিকপ্টার হামলাও হয়। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় অভিযান। হেলিকপ্টার থেকে ইথিওপীয় বাহিনী রকেট হামলা চালালে নিহত হন ১১ জন।

সেনা অভিযান শুরু হলে রাস্তায় রাস্তায় বিস্ফোরণ, গোলাগুলি, ধোঁয়ার কুণ্ডলীতে আতঙ্কিত এলাকাবাসী নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে।

হোসেন হাজি নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এরকম ভয়ানক দৃশ্য আগে কখনও দেখিনি। হেলিকপ্টার থেকে গোলা ছোড়ার সময় আমার ঘরের দরজা-জানালা কেঁপে কেঁপে উঠছিল।”

জঙ্গি গোষ্ঠী ইসলামী কোর্টস কাউন্সিলের এক মুখপাত্র টেলিফোনে রয়টার্সকে জানান, “বৃহস্পতিবার খুব ভোরে যৌথবাহিনী রামাদান হোটেলে আমাদের ওপর হামলা চালায়।”

ব্যাপক হতাহতের ঘটনায় স্থানীয় মদিনা হাসপাতালে ব্যস্ততা বেড়ে গেছে। এক চিকিৎসক বলেন, “মিনিটে মিনিটে আহতরা আসছে। সংখ্যা জানানোর মতো সময়ও নেই আমাদের।”

অভিযানের কারণে মোগাদিসুর কার্যালয়ে আটকে পড়া রয়টার্সের আলোকচিত্রী ফারাহ রোবেল বলেন, “রাস্তায় রাস্তায় বিস্ফোরণের শব্দ। ঘন ধোঁয়া ছাড়া কিছুই আমাদের চোখে পড়ছে না। খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। এর আগে এমন দৃশ্য দেখা যায়নি।”

সোমালিয়ায় এখন আফ্রিকান ইউনিয়নের এক হাজার দুই শ সেনা মোতায়েন রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত ফেব্র“য়ারি থেকে এ পর্যন্ত ৫৭ হাজার লোক রাজধানী মোগাদিসু থেকে পালিয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই ছাড়ে ১২ হাজার লোক।

উলে¬খ্য, এ বছরের শুরুতে ইথিওপীয় সেনাদের সহায়তায় ইসলামী কোর্টস কাউন্সিল বাহিনীর কাছ থেকে রাজধানী মোগাদিসুর নিয়ন্ত্রণ পুনরায় নেয় সরকার।