জরুরি পদক্ষেপ গ্রহণে তেহরানকে সোলানার অনুরোধ
ইরান ও ব্রিটেনের মধ্যে ১৫ নৌসেনাকে আটক করা নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে তেহরানকে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ অনুরোধ জানান।
সোলানা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ সংক্রান্ত আলোচনা আবারও শুরু করারও আহ্বান জানান।
তিনি বলেছেন, “আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা ব্রিটিশ নৌসেনাদের আটক রাখার বিষয়টিতেই শুধু নয়, ইরানের পরমাণু প্রকল্প নিয়েও স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।”
সোলানা জানান, তিনি বুধবার রিয়াদে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনুশেহর মোত্তাকির সঙ্গে কথা বলেছেন এবং তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইইউর সব সদস্য দেশের অভিমত- ইরানের এই আচরণ আগ্রহণযোগ্য।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ সংক্রান্ত আলোচনা আবারও শুরু করার জন্য সোলানা সেদেশের প্রধান পরমাণু আলোচক আলী লারজানির সঙ্গে যোগাযোগ করেছেন ।
“আমি খুব স্পষ্ট ভাষায় তাকে জানিয়েছি এবং আমার মনে হয় তিনি এটা বুঝতে পেরেছেন।”
সোলানার ঘনিষ্ঠজনরা বলেছেন, তারা বিরোধের বিষয়বস্তু সংক্রান্ত কোনো আলোচনা করেননি, তবে পরস্পরের সঙ্গে শিগগিরই যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছেন।
