২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিরোধী দল নেতাকে আবারও গ্রেফতার

জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা মর্গান সেভাঙ্গেরাইকে আবারও গ্রেফতার করা হয়েছে। বুধবার দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে তাকেসহ দলের ১০ নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য সেভাঙ্গেরাইকে ছেড়ে দেওয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 03:30 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

জিম্বাবুয়ের রাজনৈতিক সঙ্কট নিয়ে তানজানিয়া সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটল। এ মাসের শুরুতেও সেভাঙ্গেরাইকে একবার গ্রেপ্তার করা হয়। তখন পুলিশি হেফাজতে তার ওপর ব্যাপক নির্যাতন চলে বলে অভিযোগ রয়েছে।

বিরোধী দল ‘মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জের (এমডিসি) নেতারা জানিয়েছেন, বুধবার দাঙ্গা পুলিশ  দলের হারারে কার্যালয় ঘিরে ফেলে। এরপর ১০ নেতাসহ সেভাঙ্গেরাইকে গ্রেপ্তার করে।

তবে সেভাঙ্গেরাইকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে পুলিশের মুখপাত্র ওয়ানে ভুদজিজেনা  সাংবাদিকদের বলেন, “সাম্প্রতিককালে পেট্রোল বোমা হামলায় দুই পুলিশ নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে এমডিসির ১০ নেতাকর্মীকে দলীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য স্থান থেকে গ্রেপ্তার হয় আরও ২৫ জন। এমডিসির এক নেতার বাড়ি থেকে দুইটি রিভলভার, ডিনামাইট এবং ডেটোনেটর উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। অস্ত্রগুলো সাংবাদিকদেরও দেখানো হয়।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হতে পারে। প্রেসিডেন্ট মুগাবেকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে তাদের আটক করা হবে। এ তালিকায় বিরোধী দলের নেতাদের সঙ্গে সাংবাদিকদের নামও রয়েছে।

এদিকে বিরোধী দলের কার্যালয়ে অভিযান ও নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট বলেছেন, “এভাবে আটক করার মানে দাঁড়ায়, মুগাবে সরকার ভয় পেয়েছে।”

সরকারি দমন-পীড়ন বন্ধের জন্য তিনি মুগাবের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিষয়টিতে নজর দেওয়ার জন্য আফ্রিকার দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট জার্মানি এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, “জিম্বাবুয়েতে নৃশংসতা বন্ধের সময় এসেছে।”

তাঞ্জানিয়ায় সমবেত ‘দক্ষিণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি’র সদস্য রাষ্ট্রগুলোর নেতারা আশাবাদ প্রকাশ করেছেন, জিম্বাবুয়ের সঙ্কট নিরসনে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এ সম্মেলনে মুগাবেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরোধী দলের নেতারা জিম্বাবুয়ে প্রশ্নে আরও কঠোর হওয়ার জন্য এমবেকি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।