ইরানের জলসীমায় অনুপ্রবেশের কথা স্বীকার করলেন আটক ব্রিটিশ নৌসেনা
ইরানের হাতে আটক এক ব্রিটিশ নৌ-সেনা বলেছেন, দেশটির জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করেছিলেন তারা। আটক ব্রিটিশ দলটির একমাত্র নারী সদস্য ফায়ে টার্নির এ স্বীকারোক্তি বুধবার ইরানের সরকারি টেলিভিশনে দেখানো হয়। দলটির অন্যান্য সদস্যদেরও দেখানো হয়েছে টেলিভিশনে। এদিকে নৌসেনাদের এভাবে টেলিভিশনে উপস্থাপনের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।
ইরানের আরবি ভাষার সরকারি টেলিভিশন ‘আল আলম’ এ দেখানো হয় ব্রিটিশ দলটির নারী সদস্য টার্নিসহ বেশ কয়েকজন নাবিক একটি ঘরে বসে খাওয়া দাওয়া করছেন।
একই সঙ্গে টার্নির একটি আলাদা সাক্ষাৎকারও প্রচার করে আল আলম। এতে দেখা যায়, কালো স্কার্ফ মাথায় দিয়ে সিগারেট খেতে খেতে টার্নি বলছেন, “২৩ মার্চ শুক্রবার আমি আটক হয়েছি। ইরানের জলসীমায় অনুপ্রবেশ করেছিলাম আমরা।”
পরিবারের কাছে লেখা টার্নির একটি চিঠি যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করেছে ইরান। চিঠিতে ইরানি জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন টার্নি।
ব্রিটিশ প্রচার মাধ্যমগুলো জানিয়েছে, টার্নি বিবাহিত এবং তার তিন বছর বয়সী একটি মেয়ে আছে।
ব্রিটিশ নাবিকদের এ স্বীকারোক্তি প্রচারের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানশেহর মুত্তাকি বলেছেন “নাবিকদের ইরানের জলসীমা থেকেই আটক করা হয়েছে। এটা বাস্তব সত্য। যুক্তরাজ্য সরকারের তা স্বীকার করা উচিত।”
মুত্তাকি আবারও বলেছেন, “খুব শিগগিরই টার্নিকে মুক্তি দেওয়া হবে।”
অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউনে বলেছেন, “আমাদের নাগরিকদের এভাবে টেলিভিশনে উপস্থাপন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ব্রিটিশ কর্তৃপক্ষ বলেছে, টেলিভিশন সাক্ষাৎকারের জন্য নাবিকদের বলপ্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এর আগে নাবিকদের মুক্তি সংক্রান্ত বিষয় ছাড়া ইরানের সঙ্গে অন্য সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেয় যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উপগ্রহ চিত্রে দেখা যায়, ব্রিটিশ নাবিকরা ইরাকি জলসীমায় ১ দশমিক ৭ নটিক্যাল মাইলের মধ্যেই অবস্থান করািছলেন।
