ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় রাজি আছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। তবে তিনি ইরান সরকার এবং তাদের উদ্দেশ্য নিয়ে ‘বিভ্রান্তি’তে পড়ার ব্যাপারে সাবধান করে দেন।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র - তুরস্ক কাউন্সিলে মঙ্গলবার দেওয়া বক্তব্যে গেটস বলেন, “তাদের শাসন ব্যবস্থার প্রকৃতি কিংবা তাদের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য, ইরানকে নিয়ে কিংবা পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রভাব বৃদ্ধির আকাঙ্খা প্রশ্নে আমাদের কোনোরকম বিভ্রান্তিতে পড়া উচিত নয়।”
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ সম্পর্ক নতুন নয়। ঘনিষ্ট মার্কিন মিত্র ব্রিটেনের ১৫ নৌসেনাকে আটক এবং তাদের অনির্দিষ্টকাল অন্তরীণ রাখায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ আরও বেড়েছে।
ইরান শিয়া জঙ্গিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে ইরাকের শিয়া - সুন্নি বিরোধে ইন্ধন যোগাচ্ছে বলে বারবার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। গেটসের উদ্যোগে ইরাকের পরিস্থিতি উন্নয়নে যুক্তরাষ্ট্র এ মাসেই ইরান, সিরিয়াসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি বাগদাদে আলোচনায় বসে। গেটসের মতে, এটা বিবদমান পক্ষগুলোর মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্কের পথে শুভ সুচনা।
তিনি বলেন, “আমাদের সরকার উচ্চপর্যায়ে আলোচনার জন্য উন্মুক্ত। তবে ইরানের মতো একটি দেশের সঙ্গে আলোচনার সময় যে কাউকেই বাস্তববাদী হতে হবে।”
তিনি আক্ষেপ করে বলেন, “১৯৭৯ সালে ইরান বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র বৃথাই সেদেশে মধ্যপন্থীদের খোঁজ করছে।”
