২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ এর সঙ্গে সম্পর্ক সীমিত করছে ইরান

জাতিসংঘে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক আনবিক সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পর্ক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রোববার একথা জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসেন এলহাম।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের সহযোগিতামূলক সম্পর্ককে শীতল এবং সীমাবদ্ধ করে দেবে। 

এদিকে, নিষেধাজ্ঞা আরোপ এবং নতুন করে আলোচনার টেবিলে বসার পরাশক্তিগুলোর আমন্ত্রণে ইরান কী ভাবছে তা জানতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রধান হেভিয়ের সোলানা পরমাণু বিষয়ক প্রধান মধ্যস্থতাকারী আলি লারিজানির সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান।

বার্লিনে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার নিজস্ব ওয়েব সাইটে তিনি বলেন, “জাতিসংঘের অনৈতিক এবং অবৈধ নিষেধাজ্ঞার ভয়ে এক সেকেন্ডের জন্য হলেও ইরান তার শান্তিপূর্ণ এবং বৈধ কাজে পরিচালিত পরমাণু কার্যক্রম থেকে সরে আসবে না।”

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, “কারা এ নিষেধাজ্ঞায় আরোপের পেছনে কলকাঠি নেড়েছে, আর কারা প্রস্তাবটি প্রত্যাখান করেছে, সবই মনে রাখবে ইরান।”

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে শনিবার নিরাপত্তা পরিষদে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা প্রস্তাবটি অনুমোদিত হয়। তবে, শক্তিধর দেশগুলো এখনও ইরানকে নতুন করে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাচ্ছে। এর পাশাপাশি ইরানের সঙ্গে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্যাকেজ প্রস্তাব নবায়নে প্রস্তাব দিয়ে যাচ্ছে দেশগুলো।