গাজা সীমান্ত খুলে দেওয়ার আহ্বান বিশ্ব ব্যাংকের
ফিলিস্তিনে বিরাজমান চরম অর্থনৈতিক সঙ্কট ও অচলাবস্থা নিরসনে গাজার রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগ-ও আমদানি-রপ্তানির পরিসর বাড়ানো ছাড়া ফিলিস্তিনের পক্ষে ভঙ্গুর অর্থনৈতিক অবকাঠামো পুনরুদ্ধার করা সম্ভব নয়।
ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েল লেনদেনে কারনি সীমান্তপথ ব্যবহার করছে। তবে এখানেও রয়েছে নানারকম বিধিনিষেধ। সেখানে মালামাল পরিবহনে নির্দিষ্ট সময়সীমা মেনে চলা হয়। এছাড়া, যখন তখন সীমান্ত পথ বন্ধ করে দেওয়া হয়। ফলে ফিলিস্তিনের পক্ষে পর্যাপ্ত মালামাল আমদানি করা সম্ভব হয় না। সীমিত সরবরাহের জন্য দ্রব্যমূল্যও চড়া থাকে।
পণ্য পরিবহনে মিশরের সমুদ্র ও বিমান বন্দর এবং সুয়েজ খাল ব্যবহারের প্রস্তাবও করেছে বিশ্বব্যাংক।
ইসরায়েল দাবি করে আসছে, রাফা সীমান্ত গেরিলাদের অবাধ যাতায়ত এবং অস্ত্র পাচারের প্রধান পথ।
