আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত
আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য স্বল্পমাত্রার ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানায়।
প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। সংস্থাটি জানায়, ‘অস্ত্র’ ১২ ফুট দীর্ঘ একটি সম্পূর্ণ দেশীয় ক্ষেপণাস্ত্র। পূর্বাঞ্চলীয় উড়িষ্যা প্রদেশের সমুদ্র উপকূলে এর সফল পরীক্ষা চালানো হয় বলে তারা জানায়।
কারিগরী ত্র“টির কারণে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় দানুশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো সম্ভব না হওয়ায় সোমবার অস্ত্রের পরীক্ষা চালানোর কথা থাকলেও রোববারই তা চালানো হয়।
এ প্রসঙ্গে ডিআরডিওর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমরা সময়ের সদ্ব্যবহার করে ফেললাম। অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে।”
দানুশসহ আরও কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এ সপ্তাহেই হবে বলে ওই কর্মকর্তা আশা করছেন। দানুশ প্রায় আড়াইশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।
কয়েকদিন আগে পাকিস্তান পরমাণু অস্ত্র বহনে সক্ষম হাফত ভি১১ বাবর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।
