২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে চায় ইইউ

ইরানের ওপর নিরাপত্তা পরিষদের দ্বিতীয় দফা অবরোধ আরোপের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা জানিয়েছেন, দেশটির সঙ্গে আলোচনা আবারও শুরু করতে চায় ইইউ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলী লারিজানির সঙ্গে রোববারই বৈঠকে বসার পরিকল্পনা করছেন সোলানা। ওই বৈঠকে ইরানের সঙ্গে ভেঙে যাওয়া আলোচনা আবারও শুরুর সম্ভাবনা যাচাই করে দেখবেন তিনি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানানোর পর ওই আলোচনা ভেঙে গিয়েছিল।

ইইউ গঠনের চুক্তি অনুমোদনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সোলানা বলেন, “আমি লারিজানির সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছি। দেখা যাক, আমরা আবারও আলোচনা শুরুর পথ খুঁজে পাই কিনা।”

ইরানের হাতে ১৫ ব্রিটিশ নৌ - সেনাকে আটকের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়বে কিনা সে প্রশ্নের জবাবে সোলানা বলেন, আমি মনে করি না দুটি বিষয়কে এক করে দেখা উচিত... এটা ইরান ও ব্রিটেনের যৌথ দায়িত্বের ব্যাপার।”

ইরানকে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা দেওয়ার আন্তর্জাতিক প্রতিশ্র“তির কথা পুনর্ব্যক্ত করেন সোলানা। তিনি বলেন, “ইরান ইইউর কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ, গুরুত্বপূর্ণ অংশীদারও। আমরা এ সম্পর্ক আরও জোরদার করতে চাই। কিন্তু ইরানকে অবশ্যই দায়বদ্ধ হতে হবে।”

ইরানের সঙ্গে আলোচনা আবারও শুরু হলে তা এগিয়ে নিতে প্রস্তুত কিনা সে প্রশ্নের জবাবে সোলানা বলেন, “আমি প্রয়োজনমতো কাজ এগিয়ে নিতে প্রস্তুত। আমার দিক থেকে ইরান সঙ্কট শান্তিপূর্ণভাবে মোকাবেলার কোনো রাজনৈতিক উদ্যোগ হাতছাড়া করতে রাজি নই আমি।”