২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা ইরানের প্রত্যাখান

নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি নিরাপত্তা পরিষদের ভোট গ্রহণ শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পরিষদের কয়েকটি দেশের প্ররোচণায় এবং তাদের ক্ষমতার অপব্যবহারে বিভ্রান্ত হয়ে সদস্য দেশগুলো এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

তিনি বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি, এই চাপে কিংবা প্ররোচণায় ইরান তার নীতি বদল করবে না।”

এই প্রস্তাবের অসারতা নির্দেশ করতে গিয়ে তিনি বলেন, “অবরোধ কোনো বিকল্প বা সমাধান হতে পারে না।”

“বিশ্বের এটা জানা উচিত এবং এটা তারা নিশ্চিতভাবেই জানে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্ত অবরোধ এবং অন্যান্য হুমকিতে ইরান তার ন্যায্য এবং আইনানুগ দাবি থেকে সরে আসবে না।”

ক্রমাগত দাবি সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে অসম্মতি জানানোর পর দেশটির ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। সদস্য দেশগুলো সর্বসম্মতিক্রমে ইরানের ওপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা এবং কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে।

ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং পরমাণু জ্বালানি পুনর্ব্যবহার বন্ধ না করা পর্যন্ত এ অবরোধ বলবৎ থাকবে। সমৃদ্ধ ইউরেনিয়াম ও পরমাণু জ্বালানি বিদ্যুৎ উৎপাদন কিংবা পরমাণু বোমা তৈরি- উভয় কাজেই ব্যবহার করা যায়। তবে পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে।

গত বছর ২৩ ডিসেম্বর প্রস্তাবিত অবরোধে স্পর্শকাতর পরমাণু উপকরণ ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ক্রয় ছাড়াও এই কর্মসূচির সঙ্গে য্ক্তু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দের প্রস্তাব পেশ করা হয়। এ প্রস্তাবনার বর্ধিত অংশ হিসেবে নতুন প্রস্তাব গৃহীত হয়।

নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচি ছাড়িয়ে ইরানের অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এবং দেশটির জাতীয় সম্পদ জব্দ করার বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ব ব্যাংক সেপাহ, বিদেশে সামরিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে অভিযুক্ত ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ডারসহ আরও ২৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার প্রস্তাব অনুমোদিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি অবরোধের আওতা বাড়ানো নিয়ে প্রশ্ন তুলে বলেন, “সেপাহ ব্যাংকের হাজার হাজার গ্রাহকের জমাকৃত অর্থের ক্ষতিসাধন ইরানের সাধারণ নাগরিকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে যাওয়া ছাড়া অন্য কোনো অর্থ বহন করে কি?”

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি নিকোলাস বার্নস ওয়াশিংটনে বলেন, অস্ত্র নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এর ফলে ইরানের অস্ত্র ‘অন্য কোনো দেশের বা সন্ত্রাসী সংগঠনের কাছে পৌঁছাবে না।’ লেবাননের হিজবুল্লাহ গেরিলা কিংবা প্যালেস্টাইনের হামাস আন্দোলনের কর্মীদের কাছে অস্ত্র সরবরাহ করার অভিযোগ আছে ইরানের বিরুদ্ধে।

বিশ্ব শক্তিগুলো একইসঙ্গে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে। এ কাজে দেশটিকে উদ্বুদ্ধ করতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তার সমন্বিত প্রস্তাবও পেশ করেছে তারা।

এই প্রস্তাবনার উপস্থাপক ও পরিকল্পক যুক্তরাজ্যের রাষ্ট্রদুত এমিয়ের জোন্স পেরি এক যৌথ বিবৃতি পড়ে শোনান যাতে বলা হয়, “ইরানের সঙ্গে আবারও আলোচনা শুরুর করার সম্ভাবনা যাচাই করতে নিজেদের মধ্যে আরও আলোচনায় প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা।”

যুক্তরাষ্ট্রের মুখপাত্র আলেজান্দ্র উলফ সতর্ক করে বলেন, “১৭৪৭ প্রস্তাবনা নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় ইরানকে একটি সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া গেছে যে দেশটির পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ তাদের আরও বিচ্ছিন্ন করে ফেলবে এবং নিরাপত্তা দেওয়ার পরিবর্তে আরও নিরাপত্তাহীন করবে।”

তবে পশ্চিমা কুটনীতিবিদদের ধারণা, নতুন এ অবরোধ এবং ডিসেম্বরে প্রস্তাবিত অবরোধ ইরানে নতুন বিনিয়োগ কমিয়ে দিতে সহায়ক হলেও দেশটির তেল শিল্প অক্ষতই থাকবে।

বিশ্ব শক্তিগুলো গত মাস থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত প্রস্তাবনার খসড়া নিয়ে ব্যাপক আলোচনা করে। ‘পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য’- এই প্রস্তাবনার অন্তর্ভুক্ত করতে প্রথমে দক্ষিণ আফ্রিকা, পরে ইন্দোনেশিয়া ও কাতার দেনদরবার চালায়। অবশেষে এটা উপক্রমনিকার সংযোজিত হয়।

আরব দেশগুলোর একমাত্র প্রতিনিধি জাতিসংঘে কাতারের রাষ্ট্রদূত নাসির আব্দোলাজিজ আল নাসের এই প্রস্তাবনার বিরোধিতা করলেও দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়া এ প্রস্তাব সমর্থনের সিদ্ধান্ত জানানোর পর মত পরিবর্তন করে তিনিও ওই প্রস্তাবের পক্ষে মত দেন। তার মতে, ওই প্রস্তাবনা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলবে।