‘দেড় বছরের মধ্যে দায়িত্ব নিতে পারবে ইরাকি বাহিনী’
আগামী দেড় বছরের মধ্যে ইরাক থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী সরিয়ে নেওয়া যেতে পারে বলে মনে করছেন ইরাকি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমি। তার মতে, এ সময়ের মধ্যে দেশের দায়িত্ব নেওয়ার সক্ষমতা অর্জন করে ফেলবে ইরাকি বাহিনী।
ইরাকি ভাইস প্রেসিডেন্ট চারদিনের সফরে এখন জাপান রয়েছেন। শনিবার জাপানের মাইনিচি শিমবুন পত্রিকাকে তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি ইরাকি বাহিনী পুনর্গঠন এক থেকে দেড় বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব। তা যদি হয়, তবে তারা নিজেরাই দেশের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে। তখন যৌথবাহিনীর আর প্রয়োজন পড়বে না।”
ইরাক থেকে সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণাকেও স্বাগত জানান আল হাশেমি। তবে তিনি বলেন, “সেনা প্রত্যহার তখনি হওয়া উচিত, যখন ইরাকি বাহিনী প্রয়োজনীয় সামর্থ্য অর্জন করবে।”
ইরাকি ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, “ইরাকে নিরাপত্তা ব্যবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। তবে গোত্র সংঘাতের পুরোপুরি অবমানে আরও কিছুদিন সময় লাগবে।”
