২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর রাজধানীতে সেনা - বিদ্রোহী সংঘর্ষ

কঙ্গোর রাজধানী কিনশাসায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী জাঁ পিয়েরে বেম্বার অনুগত বাহিনীর সঙ্গে সেনাদের এ সংঘর্ষ ঘটে। এদিকে বেম্বাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ভোরের দিকে মুহুর্মুহু মর্টারের গোলার আঘাতে কেঁপে ওঠে পুরো রাজধানী। গত বছরেরর নির্বাচনের পর কিনশাসায় এটাই প্রথম এ ধরনের সংঘর্ষ। বেম্বার অনুগত বাহিনী সরকারের আদেশ মেনে নিরস্ত্রীকরণে রাজি না হলে বৃহস্পতিবার এ সংঘর্ষ শুরু হয়।

এদিকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, কিনশাসায় দেশটির দূতাবাসে সাময়িক আশ্রয় নিয়েছেন বেম্বা।

তবে প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক বিদ্রোহী নেতা বেম্বাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার।

সংঘর্ষের ঘটনায় বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন হতাহত হওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্মকর্তারা।