জাতিসংঘে ভাষণ দিতে এখনও মার্কিন ভিসা পাননি আহমাদিনেজাদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে যাওয়ার জন্য এখনও যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে। বিষয়টিকে জাতিসংঘ নীতিমালার বিরোধী এবং ইরানের প্রতি বিদ্বেষমূলক বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা আব্বাস আরাঘচি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, “সব কূটনৈতিক ধাপ সঠিকভাবে পার হওয়া এবং প্রচারমাধ্যমের মাধ্যমে আমেরিকার কর্মকর্তাদের প্রতিশ্র“তি সত্ত্বেও এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়নি প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধি দলের জন্য।”
“জাতিসংঘে ভাষণ দিতে যাওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধি দলকে ভিসা দেওয়ার বিষয়ে আমেরিকা সরকারের সহযোগিতা না করা এবং প্রতিবন্ধকতা তৈরি করা দুঃখজনক।”
আমেরিকার এ ধরনের আচরণ জাতিসংঘ ‘কনস্যুলেট রুলস’ এর বিরোধী এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি বিদ্বেষমূলক বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, আহমাদিনেজাদের ভাষণ দিতে যাওয়ার বিষয়ে জাতিসংঘ সম্মত হওয়ার পর গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ইরানি প্রেসিডেন্টকে ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা দেবেন না তারা।
ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদের ওই অধিবেশনে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। শনিবার নিরাপত্তা পরিষদে ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে ভোট অনুষ্ঠিত হতে পারে।
