গুয়ানতানামোয় শুরু হচ্ছে ১৪ ‘শীর্ষ সন্ত্রাসী’র শুনানি
টুইন টাওয়ারে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত একজনসহ মোট ১৪ সন্দেহভাজন ‘শীর্ষ সন্ত্রাসী’কে প্রথমবারের মতো শুনানির মুখোমুখি করতে যাচ্ছে একটি শক্তিশালী মার্কিন প্যানেল। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে। কঠোর গোপনীয়তার মধ্যে শুক্রবার হচ্ছে বহুল আলোচিত ওই শুনানি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগেই জানিয়ে দেন, শুনানি চলাকালে সাংবাদিক বা গণমাধ্যমের কাউকে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া শুনানির লিখিত প্রতিলিপি সম্পাদনার পরই কেবল প্রকাশ করা হবে।
এদিকে, শুনানি গ্রহণের এ ধরনের প্রক্রিয়ার তীব্র সমালোচনা ও নিন্দা করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন।
কিউবার গুয়ানতানামো বে বন্দিশিবিরেই হবে ওই শুনানি। তিনজন মার্কিন সামরিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘কমব্যাটান্ট স্ট্যাটাস রিভিউ ট্রাইব্যুনাল’ নামে ওই প্যানেলের মুখোমুখি হবেন টুইন টাওয়ারে হামলার মুল পরিকল্পননাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বোমা হামলার অন্যতম পরিকল্পনাকারী আবু হাম্বলিসহ বাকিরা।
পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান সাংবাদিকদের বলেন, “আমার মনে হয় শুনানিতে গুরুত্বপূর্ণ সব তথ্য বেরিয়ে আসবে। আর তাতেই সন্ত্রাসের সঙ্গে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হবে।”
বেশ কয়েকবছর সিআইএর গোপন কারাগারে আটক রাখার পর গত বছরের সেপ্টেম্বরে তাদের গুয়ানতানামো বন্দিশালায় আনা হয়।
এদিকে, মানবাধিকার সংগঠন ‘দি সেন্টার ফর কন্সটিটিউশনাল রাইটস’ এ ধরনের শুনানির তীব্র সমালোচনা করেছে। মজিদ খান নামের একজন পাকিস্তানি বন্দির পক্ষ নিয়ে কাজ করছে সংগঠনটি। ১৪ জনের মধ্যে রয়েছেন তিনিও।
সংগঠনটি বলছে, শুনানির এ ধরনের প্রক্রিয়া বিশ্বে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।
নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠনটি আরও বলেছে, “লিবিয়া কিংবা চীনে হলে মানা যেত, কিন্তু যুক্তরাষ্ট্রে এ ধরনের কার্যক্রম মেনে নেওয়ার নয়।”
