৫০ পূর্ণ করলেন ওসামা বিন লাদেন
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের জন্মদিন শনিবার। এর মধ্য দিয়েই জীবনের ৫০ বছর পূর্ণ হল তার। জন্মদিন তিনি নিজে কিভাবে পালন করছেন, তা জানা না গেলেও তার অনুসারীরা পালন করেছেন দিনটি। প্রার্থনা করেছেন তার দীর্ঘ জীবনের।
১৯৫৭ সালের ১০ মার্চ সৌদি আরবের জেদ্দায় জন্ম গ্রহণ করেন ওসামা বিন লাদেন। এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা হায়াতুল্লাহ খান। শনিবার তার সঙ্গে কথা হয় রয়টার্সের।
বিন লাদেন বেঁচে আছেন- এ বিষয়ে কোনো সন্দেই নেই হায়াতুল্লাহ খানের। অজ্ঞাত স্থান থেকে স্যাটেলাইট ফোনে তিনি বললেন, “তিনি বেঁচে আছেন। এ বিষয়ে একশ’ ভাগ নিশ্চিত।”
জন্মদিনটি কিভাবে উদযাপন করছেন- এমন প্রশ্নে তালেবান নেতা জানান, “ঘুম থেকে উঠেই আমরা সবাই মিলে প্রার্থনা করেছি। স্রষ্টার কাছে তার দীর্ঘজীবন দেয়েছি। আমরা চাই তার পরমায়ু ২০০ বছর হোক। কেননা তিনি ইসলামের এক মহান সৈনিক। সারাবিশ্বে মুসলমানদের ওপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পথ দেখিয়ে গেছেন তিনি।”
২০০১ সালে টুইন টাওয়ারে হামলার মধ্য দিয়ে বিশ্বে ঝড় তোলে আল কায়েদা গোষ্ঠী। আর তার সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে আসেন গোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেন। তখন যুক্তরাষ্ট্র তার মাথার দাম ধার্য করে ২ কোটি ৫০ লাখ ডলার।
কিন্তু জীবিত কিংবা মৃত কোনো অবস্থাতেই সন্ধান মেলেনি আল কায়দা নেতার। উপরন্তু মাঝে মধ্যেই অডিওটেপ, ভিডিওটেপের মাধ্যমে নিজের অস্তিত্বের জানান দিতেন তিনি। ২০০৬ সালের মাঝামাঝি পর্যন্ত তার অডিওটেপ প্রচার লক্ষ করা যায়। কিন্তু তারপর বেশ কিছুদিন ধরে তিনি নীরব। আর এ থেকেই ধারণা জন্মেছে, তিনি আসলে বেঁচে নেই।
তবে তিনি বেঁচে থাকুন আর নাই থাকুন, এখনও বিশ্বের অনেক ইসলামি জঙ্গি গোষ্ঠী ওসামা বিন লাদেনকেই নেতা মানেন।
