২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার খসড়া প্রায় চূড়ান্ত

ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার খসড়া প্রায় শেষ পর্যায়ে। বুধবার এমন ইঙ্গিতই দিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিবিদরা। তারা বলছেন, নিষেধাজ্ঞার খসড়া নিয়ে বিশ্বশক্তিগুলোর মতপার্থক্য পুরোপুরি না হলেও অনেকটাই কেটে গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মঙ্গলবার বিশ্বশক্তিগুলোর কূটনীতিবিদদের বৈঠক শেষে জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত জোন্স পেরি সাংবাদিকদের বলেন, “এখন আর তেমন একটা মতভেদ নেই। দু - একটি বিষয়ে সমঝোতা হলেই খসড়া চূড়ান্ত হয়ে যাবে।”

ইরানের ওপর নিষেধাজ্ঞার খসড়া নিয়ে নিউইয়র্কে এ নিয়ে বেশ কয়েক দফা বৈঠকে বসেন নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রসহ জার্মানির জাতিসংঘ রাষ্ট্রদূতরা। নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবটি তোলার সুনির্দিষ্ট সময় উল্লেখ না করলেও এ সপ্তাহের শেষ নাগাদ তা উত্থাপনের ব্যাপারে আশাবাদী কূটনীতিবিদরা।

জোন্স পেরি জানিয়েছেন, ইরানের সঙ্গে সব ধরনের অস্ত্র কেনা বেচার ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং সে দেশের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে কথা উঠেছিল, তা চূড়ান্ত প্রস্তাবনায় স্থান পাচ্ছে না।

এ বিষয়গুলো নিয়ে চীন ও রাশিয়া প্রবল আপত্তি তুলেছিল।

কূটনৈতিক সূত্র জানায়, নতুন প্রস্তাবনায় ইরানের বিশেষায়িত অস্ত্র কেনা বেচা ও নতুন করে ইরান সরকারকে ঋণ দেওয়া বন্ধের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্তের কথা ২০০৬ সালের ডিসেম্বরে আরোপিত নিষেধাজ্ঞায় উল্লেখ রয়েছে, সে তালিকা আরও সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ওয়াং গুয়াংগা জানিয়েছেন, ওই তালিকার বিষয় নিয়ে তাদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, “তালিকায় তো অনেকের নাম দেখছি। এর মধ্যে কারা ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট, আর কারা নয়, তা তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আর শুধু পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার জন্যই এদের নাম তালিকায় আনা হয়েছে কিনা, তা নিয়ে আমাদের মতো অনেকেরই সন্দেহ রয়েছে।”

এদিকে খসড়া প্রস্তাবের আলোচনায় যথাযথভাবে সংশ্লিষ্ট করা হচ্ছে না, এমন অভিযোগ তুলছে নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্য রাষ্ট্র। পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত দুমিসানি কুমালো বলেন, “একটি খসড়া প্রস্তাবনা বুধবার অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর কাছে দিয়ে তারা এর সঙ্গে একমত কিনা, তা জানতে চাওয়া হবে বলে বলা হয়েছে। এর মানে হচ্ছে, বৃহৎ শক্তিগুলো আমাদের গুরুত্বহীন ভাবতে চাইছে।”

নিরাপত্তা পরিষদ চেয়ারম্যান আরও জানান, পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বক্তব্য রাখা নিয়ে ইতোমধ্যেই সে দেশের রাষ্ট্রদূত জাভেদ জারিফের সঙ্গে তার কথা হয়েছে। এ নিয়ে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই বিষয়টি নিরাপত্তা পরিষদ বিবেচনা করবে বলে তিনি বলেন। দুমিসিনো কুমালো জানান, এ পরিকল্পনা বাস্তবায়নে ইরানের আগ্রহ লক্ষ্যণীয়।