মাওবাদীদের সন্ধানে ছত্তিশগড়ের বনাঞ্চল চষে বেড়াচ্ছে পুলিশ
হামলাকারী মাওবাদী বিদ্রোহীদের সন্ধানে ভারতের ছত্তিশগড় রাজ্যের প্রত্যন্ত বনাঞ্চল চষে বেড়াচ্ছে পুলিশ। এদিকে পুলিশ ফাঁড়িতে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ এ দাঁড়িয়েছে।
মাওবাদীদের হামলার চরম প্রতিশোধ নিতে রাজ্য সরকার রাজ্য সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন রাজ্যের পুলিশমন্ত্রী রামবিচর নেতাম। শুক্রবার তিনি জানান, আট হাজার পুলিশ সদস্য অভিযানে নেমেছে ওই এলাকায়। এটা ওই রাজ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় পুলিশি অভিযান বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “বিদ্রোহী হামলার সমুচিত জবাব দেবে সরকার।”
বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন রামবিচর নেতাম। অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি রয়টার্সকে বলেন, “এ রকম নৃশংস হত্যাকাণ্ড আগে আমি দেখিনি। কারও গলা কেটে ফেলা হয়েছে, কারও মাথা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সত্যিই বীভৎস সে চিত্র।”
এদিকে পুলিশ সর্বশেষ খবরে জানিয়েছে, হামলায় সর্বমোট নিহত হয়েছেন ৫৫ জন। এদের মধ্যে ১৬ জন পুলিশ ও ৩৯ জন আধাসামরিক বাহিনীর সদস্য।
ওই অঞ্চলে নিরাপত্তা বিধানে রাজ্য সরকার সম্প্রতি পাঁচ হাজার আদিবাসীকে আধাসামরিক বাহিনীর সদস্য হিসেবে নিয়োগ দেয়। তাদের মাসিক বেতন দেওয়া হয় ১৫০০ রুপি। তবে তাদের অস্ত্র দেওয়া হয়নি। এক্ষেত্রে তীর ধনুকই তাদের ভরসা।
বৃহস্পতিবার ৩০০ থেকে ৪০০ মাওবাদী বিদ্রোহী হানা দেয় রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের একটি পুলিশ ফাঁড়িতে। তারা গ্রেনেড ও পেট্রোল বোমা ছুড়ে পুরো ফাঁড়ি জ্বালিয়ে দেয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের হত্যা করে।
