২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক ও লেবানন প্রশ্নে সিরিয়ার সাহায্য চাইবে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা সিরিয়া সফরে লেবানন ও ইরাকের বৈরী পরিবেশ সহনীয় করতে দেশটির কাছে আরও সহযোগিতার অনুরোধ জানাবেন বলে কথা রয়েছে। তার এই সফরে ইইউ ও দামেস্কের মধ্যে দুবছর ধরে চলমান অচলাবস্থা কাটবে এবং দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সংযোগ পুনঃস্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 06:06 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল আসাদকে তার দেশের সীমান্ত দিয়ে লেবাননে অস্ত্রপাচার রোধে সক্রিয় হওয়ার অনুরোধ করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও ২০০৫ সালে নিহত প্রধানমন্ত্রী রফিক আল হারিরির মৃত্যুর কারণ তদন্তে সহযোগিতার জন্য একটি প্যানেল তৈরিতে সহযোগিতার অনুরোধও করবেন তিনি।

রিয়াদ থেকে সিরিয়া যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কীভাবে পরিস্থিতির উন্নতি করা সম্ভব এবং কীভাবে সবাই সেই উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারে, আমি এ বিষয়ে তার সাথে আলোচনা করবো।”

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সাউদ আল ফয়সাল।

সোলানা এই সপ্তাহেই তার ত্রিদেশীয় সফর শুরু করেন। এই সফরে তিনি লেবানন, সৌদি আরব ও সিরিয়া যাবেন। ফ্রান্সের বাধার জন্য ইইউ এতোদিন দামেস্কের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। ফ্রান্স সেই আপত্তি প্রত্যাহার করার পরই সোলানা এ সফর শুরু করেন।

২০০৫ সালে আততায়ীর গুলিতে লেবাননের প্রধানমন্ত্রী রফিক আল হারিরি নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘ একটি কমিশন গঠন করে। আন্তর্জাতিক মহলের সন্দেহ, সিরিয়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কিংবা এর মদদদাতা। তবে সিরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

লেবাননের সিরিয়াবিরোধী সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল ও হিজবুল্লাহ সমর্থক বিদ্রোহী দলগুলোর মধ্যে চার মাস ধরে চলমান রাজনৈতিক আলোচনার অচলাবস্থা নিরসনে সিরিয়া গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে।

গত বছর হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ থেমে যাওয়ার পর দেশটির দক্ষিণ সীমান্তে প্রায় ১২ হাজার আন্তর্জাতিক সেনা অবস্থান করছে যাদের অধিকাংশ ইউরোপের বিভিন্ন দেশের। সেখানে শান্তি প্রতিষ্ঠিত হলে এই দেশগুলো অধিকাংশ সেনা প্রত্যাহার করে নিতে শুরু করবে।

লেবাননে যে সিরিয়ার সীমান্ত হয়েই অস্ত্র ঢুকছে, এই সন্দেহের বিষয়ে সোলানাকে প্রশ্ন করা হলে এর উত্তরে তিনি বলেন, এছাড়া অন্য কোনো পথ আমি দেখছি না। কারণ, সমুদ্র উপকূল পাহাড়া দিচ্ছে ইউরোপীয় জাহাজ।

“কোথা থেকে অস্ত্র আসছে? আমি জানি না, তবে আমি জানি কোন পথে এটা আসা দুরূহ,” সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন।

সোলানার এ সফর থেকে বেশ বড় মাপের অগ্রগতির আশা করছেন না ইইউ কর্তৃপক্ষ। তবে তারা দামেস্ককে এমন কোনো ধারণাও দিতে চান না যে হারিরির হত্যাকারীদের আইনের হাতে তুলে দেওয়ার ব্যর্থতার দায় থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এ সপ্তাহের প্রথম দিকে অনুষ্ঠিত ইরাকের শান্তি স্থাপন ও পরিস্থিতি উন্নয়ন বিষয়ক সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিরিয়ার কর্মকর্তারাও। সৌদি আরব এ আলোচনা প্রস্তাবের অন্যতম আয়োজক। সোলানা সিরিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাসও চাইবেন এ প্রসঙ্গে।

বিলুপ্ত ইরাকি সেনাবাহিনীর অনেক কর্মকর্তাই সিরিয়ার গুপ্তচর- এমন অভিযোগ ইরাকী কর্তৃপক্ষের। ইরাকের জঙ্গিদের মধ্যে অনেকেই প্রাক্তন সেনাসদস্য- এ বিষয়ে কোনো দ্বিমত বর্তমান কর্তৃপক্ষের নেই বলে তারা জানান।

সহযোগিতার শর্ত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুস্থানীয় দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হারানো গোলান মালভূমি অধিকার পুনরুদ্ধারে ওয়াশিংটনের সহযোগিতার আশ্বাস চেয়েছে দামেস্ক।