২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার কবরের কাছে শায়িত হলেন সাদ্দামের দুই ছেলে

সাদ্দাম হোসেনের দুই ছেলে উদে আর কুশের লাশ পুনরায় দাফন করা হয়েছে। আগের স্থান থেকে লাশ তুলে এনে দুই ভাইকে সমাহিত করা হয়েছে তাদের বাবার কবরের পাশে। প্রয়াত ইরাকি নেতার গোত্র প্রধান বুধবার এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

তিকরিতের আবু নাসির গোত্রের প্রধান আলী আল নিদা রয়টার্সকে জানান, মঙ্গলবার আওজা গ্রামের পারিবারিক গোরস্তান থেকে উদে ও কুশের লাশ তুলে আনা হয়। এরপর তাদের দাফন করা হয় আওজা মসজিদে, যেখানে সাদ্দাম হোসেনের কবর রয়েছে। সাদ্দামের কবর ঘিরে যে মার্বেল পাথরের বাঁধাই করা হয়েছে তার বাইরেই সমাহিত করা হয় দুই ভাই ও কুশের ছেলে মুস্তফাকে।

সাদ্দাম হোসেনের সৎভাই বারজান আল তিকরিতির কবরের পাশেই নতুন কবরগুলো হয় বলে নিদা জানান। নতুন করে সমাহিত করার কারণ হিসেবে তিনি বলেন, “পরিবারের সব সদস্যের কবর এক স্থানে চেয়েছিলেন ওই পরিবারের জীবিত সদস্যরা। সে ইচ্ছা অনুসারেই কাজটি করা হয়।”

এর মধ্যে রাজনৈতিক কোনো অভিপ্রায় কাজ করেনি বলে দাবি করেন আলী আল নিদা।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে, আওজা মসজিদ প্রাঙ্গণে তিনটি নতুন কবরসহ পাঁচটি কবরের সবগুলোই ইরাকের জাতীয় পতাকায় ঢাকা। ওই পাঁচটির একটি হচ্ছে সাদ্দাম হোসেনের সহযোগী সাবেক বিচারক আওয়াদ আল বন্দরের কবর। বারজানের সঙ্গেই তার ফাঁসি হয়।

২০০৩ সালের ২২ জুলাই মসুলের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের সেনাদের অভিযানে দেহরক্ষীসহ নিহত হন উদে, কুশে ও মুস্তফা।