২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইন টাওয়ারে হামলায় দায় স্বীকার করেছেন গুয়ান্তানামো বন্দি খালেদ

টুইন টাওয়ারে হামলার দায়িত্ব স্বীকার করেছেন গুয়ান্তানামো বন্দি খালেদ শেখ মোহাম্মদ। তিনি জানিয়েছেন, ওই হামলার পুরো পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি। আর এটা তিনি করেছিলেন দলের নেতা ওসামা বিন লাদেনের নির্দেশে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Mar 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বুধবার এসব তথ্য জানিয়েছে। গুয়ান্তানামোয় আটক ১৪ বন্দির শুনানি কঠোর গোপনীয়তার মধ্যে গত শুক্রবার শুরু হয় কিউবার ওই মার্কিন কারাগারেই। আর সে শুনানিতেই শনিবার খালেদ এ স্বীকারোক্তি দেন বলে সেনাবাহিনী জানায়।

শুনানিতে খালেদ মোহাম্মদ ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বোমা হামলার কথাও স্বীকার করেন। তিনি জানান, সারাবিশ্বে মোট ২৮টি সন্ত্রাসী হামলায় জড়িত ছিলেন তিনি। এছাড়া আরও কয়েকটি হামলার পরিকল্পনাও ছিল তার। খালেদ মোহাম্মদ জানান, প্রয়াত পোপ দ্বিতীয় জন পল ও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হত্যার পরিকল্পনাও করেন তিনি। এছাড়া ২০০২ সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানিয়েল পেরি হত্যাকাণ্ডের কথাও খালেদ উল্লেখ করেছেন তার জবানবন্দিতে। তবে ওই হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত কিনা, তা সম্পষ্টভাবে বলেননি তিনি।

আর আল কায়েদা হামলায় বহু হতাহতের ঘটনায় বিন্দুমাত্র অনুতপ্ত নন খালেদ শেখ। পাকিস্তানি নাগরিক এই আল কায়দা সদস্য স্বীকারোক্তিতে বলেন, “যুদ্ধের ভাষাই হচ্ছে রক্তক্ষয় আর মৃত্যুর মিছিল। সুতরাং এটা ঘটবেই।”

নিজ দলের নেতা ওসামা বিন লাদেনকে জর্জ ওয়াশিংটনের সঙ্গে তুলনা করেন খালেদ শেখ। বলেন, “জর্জ ওয়াশিংটন যেমন স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি লাদেনও স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন।”

কোনো চাপ বা ভয়ভীতিতে এ স্বীকারোক্তি দিচ্ছেন না বলে জানান আল কায়েদার এ সদস্য।

খালেদ মোহাম্মদের পুরো স্বীকারোক্তিটি প্রকাশ করেনি মার্কিন সেনাবাহিনী। যেটুকু প্রকাশ করেছে তাও সংশোধন ও পরিমার্জনের পরই করা হয়েছে।

মার্কিন এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, শুনানিতে খালেদ শেখ নিজেও কথা বলেছেন, আবার তার প্রতিনিধিও উপস্থিত ছিল। আর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিটি ছিল ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে লেখা।

২০০৩ সালের মার্চে পাকিস্তানে গ্রেফতার হন খালেদ মোহাম্মদ। এর পর তাকে হস্তান্তর করা হয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে। গত বছর তাকে গুয়ান্তানামো কারাগারে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, টুইন টাওয়ারে হামলার অন্যতম হোতা সে।