যৌথবাহিনীর ওপর আস্থা নেই ৮৬ শতাংশ ইরাকির
ইরাকি জনগোষ্ঠীর প্রায় ৮৬ শতাংশই মনে করেন, যেকোন সময় তাদের পরিবারের কেউ না কেউ নিজ দেশে নিজ বাসভূমে সহিংসতার শিকার হতে পারেন। অপরদিকে, মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর ওপর আস্থা রাখেন এমন ইরাকির সংখ্যা মাত্র ১৮ শতাংশ। এক জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়।
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) সোমবার ওই জরিপের ফলাফল প্রকাশ করে। ইরাক যুদ্ধের চার বছর পূর্তি উপলক্ষে এ জরিপ চালানো হয়।
জরিপের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারী দুই হাজার ইরাকির সিংহভাগই নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারছেন না। অথচ ২০০৫ সালেও অনুরূপ একটি জরিপে এর ঠিক উল্টো ফলাফল পাওয়া গিয়েছিল।
তাছাড়া, বেশিরভাগ ইরাকি মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর চেয়ে বরং ইরাক সরকারের প্রতি আস্থা স্থাপনে বেশি আগ্রহী। তবে মার্কিন সমর্থনপুষ্ট নুরি আল - মালিকির প্রসাশনকে সমর্থন করা নিয়ে ইরাকিদের মধ্যে সমপরিমাণ বিভক্তিও কাজ করছে।
সাদ্দাম হোসেনের পতনের পর এই চার বছরে ইরাকের অবকাঠামোগত সংস্কার নিয়ে হতাশ সেদেশের জনগণ। ৬৭ শতাংশ ইরাকি মনে করেন, প্রশাসন এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়নি।
এ জরিপে আরও অংশ নেয় এবিসি নিউজ, এআরডি ও ইউএসএ টুডে।
