খালিদের স্বীকারোক্তি ব্যবহৃত হবে পাকিস্তানি আদালতে
ওয়ালস্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যার অভিযোগে দণ্ডিত ব্যক্তির পক্ষের আইনজীবী সোমবার রয়টার্সকে জানান, তিনি পাকিস্তানি আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে মার্কিন কর্তৃপক্ষকে দেওয়া খালিদ শেখ মোহাম্মদের স্বীকারোক্তি ব্যবহার করবেন।
২০০২ সালের জানুয়ারি মাসে করাচি থেকে অপহৃত হন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। পরে তার শিরচ্ছেদ করা লাশ পাওয়া যায়। ওই হত্যাকাণ্ডের মামলার শুনানি শেষে আদালত হত্যাকারী হিসেবে ব্রিটিশ বংশোদ্ভূত আহমেদ ওমর সাঈদ শেখ ওরফে শেখ ওমরকে ফাঁসির এবং হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে ধৃত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।
তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার দায়দায়িত্ব স্বীকার করে দেওয়া এক স্বীকারোক্তিতে খালিদ শেখ মোহাম্মদ জানান, তিনি নিজ হাতে পার্লের শিরচ্ছেদ করেছেন।
পার্লের হত্যাকাণ্ড প্রসঙ্গে মার্কিন কর্তৃপক্ষকে দেওয়া স্বীকারোক্তির অনুলিপিতে ৩০টিরও বেশি হামলার দায়িত্ব স্বীকার করা খালিদ শেখ মোহাম্মদের বক্তব্য হলো, “আমি আমার আশীর্বাদপ্রাপ্ত ডান হাত দিয়ে মার্কিন ইহুদি ড্যানিয়েল পার্লের শিরচ্ছেদ করি।”
এই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে শেখ ওমরের আইনজীবী রাই বশির আহমেদ রয়টার্সকে বলেন, তার মক্কেলের বিরুদ্ধে দেওয়া আদালতের সিদ্ধান্ত আদতে আইনের ‘গর্ভপাত’।
তিনি বলেন, “আগামী শুনানির দিন আমি খালিদ শেখ মোহাম্মদের দেওয়া সাম্প্রতিক স্বীকারোক্তি উপস্থাপন করবো যেখানে তিনি সেই সাংবাদিকের শিরচ্ছেদ করার কথা স্বীকার করেছেন।”
“প্রথমদিন থেকেই আমার দৃঢ় বিশ্বাস ছিল, আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ আমার মক্কেলকে দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট নয়।”
তিনি আরও বলেন, তার আপিলের ভিত্তি হবে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের স্মৃতিকথা, যেখানে মুশাররফ লিখেছেন, ‘যদিও পার্লের অপহরণের মূল হোতা ওমর, তবে তার শিরচ্ছেদ করেছিলেন খালিদ।’
বশির আহমেদ জানান, বিবাদি পক্ষের আইনজীবীরা আপিল করার আগেই মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে খালিদের মূল স্বীকারোক্তি পাওয়ার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদকারীদের ‘সমন’ দেওয়া হবে।
অভিযুক্তরা ওই রায়ের বিরুদ্ধে সিন্ধু প্রদেশের হাইকোর্টে আপিল করেন। ওই একই আদালতে রাষ্ট্রপক্ষও হত্যাকাণ্ডের সহযোগীদের আরও কঠোর শাস্তি দেওয়ার অনুরোধ করে আপিল করেছিলেন। তবে আদালতে আইনজীবীদের অনুপস্থিতিতে বারবার মামলার শুনানির তারিখ পিছিয়ে যায়।
পাকিস্তানের আইন অনুসারে অভিযুক্তের উচ্চ আদালতে আপিল করার অধিকার আছে, তবে যদি অভিযুক্তের পক্ষের আইনজীবী অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে আপিলের শুনানি হবে না।
