গাজায় অপহৃত সাংবাদিকের মুক্তির জন্য পদক্ষেপ নিতে বিবিসির অনুরোধ
গাজায় তাদের অপহৃত সাংবাদিক অ্যালান জনসনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেখানকার প্রভাবশালীদের তার মুক্তির জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তারা এ অনুরোধ জানায়।
অ্যালান জনসন মার্চের ১২ তারিখে অফিস থেকে বাসায় ফেরার পথে নিরুদ্দেশ হন। এরপর থেকে কেউ তার কোনো খবর জানে না।
বিবিসির বিবৃতিতে বলা হয়, “যদিও আমরা এখন পর্যন্ত জানি না অ্যালানের কি হয়েছে, তবে আমাদের ধারণা তাকে অপহরণ করে গাজা উপত্যকার কোথাও জিম্মি করে রাখা হয়েছে।”
“এটা খুবই হতাশাজনক যে সাতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা তার অবস্থা ও অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই জানতে পারিনি।”
“এই পরিস্থিতিতে যেকোনো প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গ, যারা অ্যালানের মুক্তির ব্যাপারে সাহায্য করতে পারবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, তারা যেনো তাদের প্রচেষ্টা দ্বিগুন করেন, তার নিরুদ্দেশ হওয়ার পর সাতদিন পার হয়ে গেছে।”
ফিলিস্তিন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া গত সপ্তাহে বলেছিলেন, হামাসের নিরাপত্তাকর্মীরা জনসনের সন্ধান করছে এবং তার মুক্তির জন্য তাদের সম্ভাব্য সব কিছুই করার নির্দেশ দেওয়া হয়েছে ।
সম্ভবত তিনি সেখানে সার্বক্ষণিক কর্মরত একমাত্র বিদেশি সাংবাদিক ছিলেন। হামাস ও ফাতাহর মধ্যে সংঘাত বৃদ্ধি পেলে অন্যসব বার্তা সংস্থা তাদের সাংবাদিকদের সেখান থেকে সরিয়ে নেয়।
গত বছর কয়েকজন বিদেশি সাংবাদিক ও ত্রাণকর্মীকে অপহরণ করা হলেও অপহৃতরা কেউই হতাহত হননি এবং পরে তাদের সুক্তিও দেওয়া হয়।
