২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধের চার বছর পূর্তিতেও অভিযানের সাফাই গাইলেন বুশ

ইরাক যুদ্ধের চার বছর পূর্তিতেও অভিযানের সাফাই গাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ। তার মতে, সেখান থেকে দ্রুত সেনা প্রত্যাহারের পরিণতিও ভালো হবে না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ইরাক অভিযানের বছর পূর্তি উপলক্ষে সোমবার হোয়াইট হাউজের রুজভেল্ট মিলনায়তনে ভাষণ দেন প্রেসিডেন্ট বুশ। ওইদিন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গেও টেলিফোনে আলাপ করেন তিনি।

নিজের ইরাক নীতির সপক্ষে প্রেসিডেন্ট বুশ বলেন, “বাগদাদে যে কৌশল নিয়ে এখন কাজ চলছে তাতে বিজয় আসবেই। তবে এটা একদিন কিংবা এক সপ্তাহের মধ্যেই অর্জিত হবে না। কয়েক মাস তো লাগবেই। সে সময়টা দিতে হবে।”

ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজটি সহজ নয়, এটা স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সাফল্যের জন্য চাই পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে তা মোকাবেলার সাহসিকতা।”

প্রেসিডেন্ট বুশ বলেন, “ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বেশ সহজ। সিদ্ধান্ত নিলেই তা হয়ে যায়। অনেকেই তো এতে খুশি হবেন।  কিন্তু আমি মনে করি, এখনই সেখান থেকে সেনা প্রত্যাহারের পরিণতি ভালো হবে না। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাও তাতে ঝুঁকির মুখে পড়বে।”

দেশে বিদেশে প্রবল চাপ সত্ত্বেও সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার বিষয়টি এড়িয়ে যান প্রেসিডেন্ট বুশ। 

ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরুর জন্য কংগ্রেসের উভয় কক্ষে চাপ দিচ্ছে ডেমোক্রেটরা। আগামী সপ্তাহে ডেমোক্রেটদের আনা এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে প্রতিনিধি পরিষদে বিতর্ক হওয়ার কথা। এদিকে হোয়াইট হাউস হুমকি দিয়েছে এরকম কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেওয়া হবে।

প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসির মতে, ইরাক বিষয়ে প্রেসিডেন্ট বুশ জনগণের আস্থা হারিয়েছেন। 

সাম্প্রতিক জরিপগুলোতেও দেখা যায়, ইরাক যুদ্ধে আর সমর্থন মিলছে না মার্কিনিদের। সোমবার প্রকাশিত সিএনএনের এক জরিপের ফলাফলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মাত্র ৩২ শতাংশ লোক এখন ইরাক যুদ্ধ সমর্থন করেন। আর ৬৩ ভাগ যুদ্ধের ঘোরতর বিরোধী।  

এছাড়া অন্য একটি জরিপে দেখা যায়, প্রতি পাঁচজন ইরাকির মধ্যে চারজনেরই সেদেশে মোতায়েন মার্কিন সেনাদের ওপর কোনো আস্থা নেই।

প্রসঙ্গত, ২০০৩ সালের ২০ মার্চ ইরাক যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছে তিন হাজার দুশও বেশি মার্কিন সেনা।