২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধের ৪ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছে, গ্রেপ্তার শতাধিক

ইরাক যুদ্ধের চার বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রাজধানী ওয়াশিংটন থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রতিবাদে শামিল হয়েছে হাজার হাজার যুদ্ধবিরোধী জনতা। ইরাক যুদ্ধের বার্ষিকী ছাড়াও ভিয়েতনাম যুদ্ধের ৪০ বছর পালিত হচ্ছে একইসঙ্গে। আর এ দুটিকে ঘিরে বিক্ষোভরত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 12:46 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্ক থেকে সোমবার শতাধিক বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিউ ইয়র্কের ব্রড এবং ওয়াল স্ট্রিটের স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে থেকে ৪৪ জনকে গ্রেফতার করা হয়।

“যুদ্ধের পেছনে অর্থ ব্যয় বন্ধ করো, যুদ্ধ অবিলম্বে বন্ধ করো” এ ধরনের শ্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা লকহেড মার্টিন, বোয়িং, নর্থরপ গ্র“মেন, হেলিবার্টন, জেনারেল ইলেকট্রিকের মতো কয়েকটি প্রধান প্রতিরক্ষা বিষয়ক ঠিকাদারি প্রতিষ্ঠানেরর দিকে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাএদর বাধা দেয় এবং ঘটনাস্থল থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করে।

সানফ্রান্সিসকোয় গ্রেফতার করা হয় ৫৭ জনকে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মার্কেট স্ট্রিটের দিকে এগিয়ে যেতে চাইলে তাদের গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভকারীরা ইরাক যুদ্ধের চার বছরে নিহত ৩ হাজার ২শ মার্কিন সেনার মৃত্যুর প্রতীকী প্রতিবাদ জানায়। ওই স্থান থেকে গ্রেফতারকৃতদের মধ্যে অনেক বৃদ্ধ রয়েছেন যারা ১৯৬০ এবং ৭০ এর দশকে ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন- সংগ্রামে যোগ দিয়েছিলেন।

পুলিশের মুখপাত্র নেভিল গিটেনস বলেন, “মার্কেট স্ট্রিটে আসার পর আমরা তাদের গ্রেফতার করি। এ বিষয়ে তাদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল।”

এছাড়া ওয়াশিংটন, লস এঞ্জেলেসসহ বিভিন্ন শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।