২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে ইরাক যুদ্ধবিরোধী জনতার বিক্ষোভ

ইরাক যুদ্ধের পক্ষে সরকারের অবস্থান থাকলেও যুদ্ধবিরোধী অন্তত দেড় হাজার জাপানি বুধবার টোকিওতে বিক্ষোভ করেছেন। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিসহ সেখানে যুক্তরাষ্ট্রকে সহায়তা দেওয়ার সরকারি পরিকল্পনারও প্রতিবাদ জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 04:58 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা পিটার পেস এখন জাপান সফরে রয়েছেন। বুধবার জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠককালে তারো আসো যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরাক অভিযানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্র“তি দেন।

মন্ত্রীর এ কথায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন জাপানিরা। তারা ইরাক যুদ্ধ বন্ধ ও সেখান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানান।

বিক্ষোভে অংশ নেওয়া ৪০ বছর বয়সি ইয়োকো হিনাতা বলেন, “ইরাক যুদ্ধ বন্ধের জন্য সব কিছুই করতে আমরা রাজি। আর জাপানের সংবিধানেও এমন সংস্কার আনতে হবে যাতে বিদেশে যুদ্ধে সেনা পাঠানো না যায়।”

ইরাক যুদ্ধের প্রথম পর্যায়ে সেখানে ৬০০ সেনা পাঠায় জাপান। তবে ওই সেনাদের গত বছর দেশে ফেরত নিয়ে আসা হয়। তবে জাপানের দুইশ বিমান সেনা কুয়েতে রয়েছে।

বিদেশে সেনা পাঠানোর বিষয়টি নিয়ে জাপানের সংবিধানে কড়াকড়ি রয়েছে। ইরাক যুদ্ধ শুরুর পর বিদেশে সেনা অবস্থানের বিষয়টি কয়েক বছরের জন্য অনুমোদন করে পার্লামেন্ট। এর মেয়াদ শেষ হচ্ছে এ বছরের জুলাই মাসে। কিন্তু জাপান সরকার এর মেয়াদ আরও এক দফা বাড়াতে চায়।

বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, পিটার পেসের সঙ্গে বৈঠকে সে পরিকল্পনার কথাই জানিয়েছেন জাপানি প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কিউমা।

এদিকে সর্বসাম্প্রতিক এক জনমত জরিপে দেখা যায়, শতকরা ৭৫ ভাগ জাপানি মনে করে ইরাক যুদ্ধ একটি ভুল সিদ্ধান্ত। আর ৬৯ ভাগ কুয়েত থেকেও বিমান সেনাদের ফিরিয়ে আনার পক্ষপাতি।