ইরাকে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্রের সেনার কারাদণ্ড
ইরাকে কিশোরী ধর্ষণ ও তার পরিবারকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক সেনার ২৭ মাসের কারাদণ্ড হয়েছে। বুধবার ফোর্ট ক্যাম্পবেলে সামরিক আদালতে তাকে এ দণ্ড দেওয়া হয়।
সেনা বাহিনীর বিবৃতিতে বলা হয়, আদালত অভিযুক্ত ব্রায়ান হাওয়ার্ডকে হত্যা ও ধর্ষণের অভিযোগ থেকে রেহাই দিলেও ঘটনায় সংশ্লিষ্টতার জন্য কারাদণ্ড দেয়। বলা হয়েছে, ঘটনার সময় ব্রায়ান ওই এলাকায়ই ছিলেন এবং ঘটনা জেনেও তা গোপন করেন।
ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে সেনা সদস্য সার্জেন্ট পল কর্টেজকে ১০০ বছর, জেমস বার্কারকে ৯০ বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরেক সেনা জেস স্পিয়েলম্যানের বিরুদ্ধে মামলা চলছে।
২০০৬ সালের মার্চ মাসে বাগদাদের দক্ষিণে মাহমুদিয়া শহরে এক ইরাকির বাসায় হানা দেয় যুক্তরাষ্ট্রের এক দল সেনা। তারা ওই পরিবারের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে এবং তার গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে হত্যা করে বাড়ির সবাইকে।
