২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নিষেধাজ্ঞার খসড়া চূড়ান্ত হচ্ছে না এ সপ্তাহে

ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার খসড়া এ সপ্তাহে চূড়ান্ত হচ্ছে না। দুদিনের বৈঠক শেষে মঙ্গলবার এ কথা জানিয়েছেন কূটনীতিবিদরা। এ নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন তাদের অনেকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 12:13 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

নিউ ইয়র্কে বিশ্বশক্তিগুলোর কূটনীতিবিদদের বৈঠক শেষে জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ওয়াং গুয়াংগা বলেন, “দুদিনের আলোচনায় অনেক বিষয়ই উঠে এসেছে। তবে এ নিয়ে আরও আলোচনা দরকার। আশা করি বুধবারের পর এ নিয়ে আবার আলোচনায় বসা হবে।”

জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত জোনস পেরি বলেন, “আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে এগুচ্ছি।”

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আলেসান্দ্রো উলফ আশা প্রকাশ করে বলেছেন, শিগগিরই এ নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছনো যাবে।

গুয়াংগা ও রুশ প্রতিনিধি ভিতালি চুরখিন জানিয়েছেন, নতুন খসড়ায় পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে আরও ৬০ দিন সময় বেঁধে দেওয়া হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিবিদ জানান, এ সপ্তাহ নাগাদ খসড়াটি আর চূড়ান্ত করা যাচ্ছে না।

এদিকে নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্য খসড়া চূড়ান্তের আগেই বিষয়টি নিয়ে বসতে চাইছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত দুমিসানি কুমালো বলেছেন, খসড়াটি দ্রুত ১০ অস্থায়ী সদস্যদের দেওয়া না হলে তিনি বেশ আশাহত হবেন।

তবে জার্মান রাষ্ট্রদূত থমাস মাতুসেক বলেন, “সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ক্ষুদ্র অংশীদারদের অসন্তষ্ট করতে চাই না। তাই যথাযথ নিয়ম অনুসরণ করে সবাইকে এর সঙ্গে সম্পৃক্ত করা হবে।”

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার রূপরেখা নিয়ে নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করতে জাতিসংঘে ছয় বিশ্বশক্তির রাষ্ট্রদূতরা সোমবার নিউইয়র্কে বিশেষ আলোচনা শুরু করেন।

তাদের বৈঠকের পর নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের পূর্ণ কাউন্সিলে প্রস্তাবটি উত্থাপন করা হবে।