জঙ্গি হামলায় ইরাকে ১৪৯ শিয়া তীর্থযাত্রী নিহত
জঙ্গি হামলায় মঙ্গলবার ইরাকে ১৪৯ জন শিয়া তীর্থযাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে দুটি আত্মঘাতী বোমা হামলার শিকার হন ১১৫ জন। বাকিরা নিহত হন বিভিন্ন স্থানে হামলায়। বোমা হামলা ও সংঘর্ষে আহত হন দুই শতাধিক। হতাহতরা কারবালায় যাচ্ছিলেন।
বাগদাদের দক্ষিণে হিলা শহরের ব্যস্ত রাস্তার পাশে তীর্থযাত্রীদের সার বাঁধা তাবুর সারিতে পরপর দুটি আত্মঘাতী হামলা হয়। পুণ্যার্থীদের খাবার, পানি এবং বিশ্রামের জন্যই তাঁবুগুলো তৈরি করা হয় বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বোমা বহনকারীদের দুজনের একজনকে দেখেছি। তার বয়স চলি¬শের কাছাকাছি। সে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এরপরই দেখলাম মানুষের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে।”
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রথম বিস্ফোরণের পরপর একজনকে ভিড়ের দিকে দৌড়ে যেতে দেখলাম। আর তারপরই বিস্ফোরণ, আর চারদিকে রক্তের বন্যা।”
‘আরবেইন’ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁেট এবং বাসে করে কারবালায় আসছিলেন শত শত শিয়া তীর্থযাত্রী। আশুরার দিন থেকে শুরু করে চলি¬শ দিনের শোক পালনের শেষের দিনটিকে বলা হয় ‘আরবেইন’।
শুধু হিলায়ই নয়, মঙ্গলবার পথে পথে জঙ্গি হামলার শিকার হন শিয়া তীর্থযাত্রীরা। এতে বিভিন্ন স্থানে কমপক্ষে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দক্ষিণ বাগদাদের দোরায় গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন ১২ জন।
