২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল টাইগারদের সঙ্গে কথা বলেছেন নরওয়ের শান্তি দূত

নরওয়ের রাষ্ট্র দূত সোমবার তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করেছেন। অন্যদিকে জাফনা উপদ্বীপে তামিল টাইগার ও সেনাবাহিনীর সংঘর্ষে তিন সেনা নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 04:38 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

কলোম্বোতে ইতালীয় ও মার্কিন রাষ্ট্রদূত এবং এই দ্বীপরাষ্ট্রটির মানবাধিকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি আলোচক দলের সদস্য হিসেবে আগত জাতিসংঘের এক মুখপাত্র পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিক্ষিপ্ত গোলায় সামান্য আহত হয়েছিলেন। এই ঘটনার বেশ কয়েক দিন পর নরওয়ের রাষ্ট্রদুত হ্যান্স ব্রাতসকার তামিল টাইগারদের নিয়ন্ত্রণে থাকা কিল্লিনোচ্চি শহরে যান।

এই বিষয়ে কোনো পক্ষই তাৎক্ষণিক মন্তব্য করেনি। তবে দলটির এক মুখপত্র জানিয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনার জন্য নরওয়ের দুত ব্রাতসকার কিল্লিনচ্চিতে এসেছিলেন।

এদিকে শ্রীলঙ্কার সেনাবাহিনী জানিয়েছে, জাফানা উপদ্বীপে মুখোমুখি সংঘর্ষে তিন সেনা নিহত হয়েছে।

“আমাদের একটি টহল দল এলটিটিই গেরিলাদের মুখোমুখি হয় এবং সংঘর্ষে তিনজন নিহত হয়,” সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার প্রাসাদ সামারাসিংহে জানান। এই সংঘর্ষে তামিল টাইগারদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক দাতা সংস্থা শিগগিরই সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং পুনরায় শান্তি আলোচনা শুরু করতে বলেছেন। বিবদমান দুই দলই শান্তির এই আহ্বানকে উপেক্ষা করছে। দুই দশক ধরে চলতে থাকা এই সংঘাতে প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন। গত ১৫ মাসে অন্তত চার হাজার নিহত হন এই সংঘাতে।