ইরাকি জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ হিজবুল্লাহর অস্বীকার
ইরাকি জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, হিজবুল্লাহ ইরাকি শিয়াদের প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দিচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি’র পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ম্যাপলস অভিযোগ করেন, ইরাকে শিয়া জঙ্গিদের মার্কিন সেনাদের হত্যায় বর্মভেদী এক ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে হিজবুল্লাহ। লেবাননের মাটিতেই এই প্রশিক্ষণ চলে বলে অভিযোগ করেন তিনি।
এর জবাবে বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, “আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনার আগে বুশ প্রশাসনের উচিত নিজেদের কাঠগড়ায় দাঁড় করানো। কারণ, ইরাকে এখনও গণবিধ্বংসী অস্ত্রের মাধ্যমে মানুষ মারছে যুক্তরাষ্ট্র। এছাড়া, বিশ্বের অন্যান্য স্থানেও ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সমরাস্ত্র ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করছে তারা।”
