২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী কোয়াত্রোচ্চি ভারতের রাজনীতির শিকার: আইনজীবী

বফোর্স কেলেঙ্কারিতে যুক্ত ইতালির ব্যবসায়ী অক্টাভিও কোয়াত্রোচ্চি ভারতীয় রাজনীতির শিকার বলে দাবি করেছেন তার আর্জেন্টাইন আইনজীবী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 12:06 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

কোয়াত্রোচ্চির বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৯৮৬ সালে সুইডিশ কোম্পানি বফোর্সের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য সমরাস্ত্র কেনার সময় মধ্যস্ততাকারী হিসেবে ৭০ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর বন্ধু হিসেবে পরিচিত কোয়াত্রোচ্চি। বফোর্স কেলেঙ্কারির ঘটনা ১৯৮৯ সালের নির্বাচনে কংগ্রেসের পরাজয়ে ব্যাপক ভূমিকা রাখে। 

১৯৯৭ সালে জারি করা ইন্টারপোলের এক গ্রেপ্তারি পরোয়ানা বলে গত ৬ ফেব্র“য়ারি আর্জেন্টিনা আটক করে ইতালির এ ব্যবসায়ীকে। নয়া দিল্লি সরকার তাকে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানায়। তবে আদালত গত সপ্তাহে তার জামিনের আবেদন মঞ্জুর করলেও বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার আর্জেন্টিনা ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

আর্জেন্টাইন আইনজীবী আলেজান্দ্রো ফ্রিল্যান্ড দাবি করেছেন, তার মক্কেল কোয়াত্রোচ্চি নির্দোষ। তিনি নোংরা রাজনীতির শিকার।

বুধবার ফ্রিল্যান্ড রয়টার্সকে বলেন, “ভারতে যদি সোনিয়া গান্ধীকে বেকায়দায় ফেলার অস্ত্র হিসেবে কোয়াত্রেচ্চি ইস্যুকে ব্যবহার করছে বিরোধীরা।”

তিনি বলেন, “বিষয়টি ভারতের আদালতে মীমাংসা হয়ে গেছে। আদালতে প্রমাণ হয়েছে, ঘুষ লেনদেনের কোনো ঘটনা ঘটেনি। তার মানে হচ্ছে, কোয়াত্রেচ্চি নির্দোষ।”

ফ্রিল্যান্ড প্রশ্ন করেন, “২০০৪ ও ২০০৫ সালে দুই বার ভারতের উচ্চ আদালত যে বিষয়টি ঘটেনি বলে রায় দিয়েছে, সে মামলায় ১৯৯৭ সালের প্রেপ্তারি পরোয়ানায় কিভাবে একজনকে আটক করা হয়?”

তিনি বলেন, তার মক্কেল দীর্ঘ দিন ধরেই ব্যবসায়িক প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং কোথাও তাকে এ ধরনের সমস্যার মুখোমুখি হয়নি।