২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাব ও উত্তরখণ্ডের নির্বাচনে পরাজয়ের মুখে কংগ্রেস

ভারতের পাঞ্জাব ও উত্তরখণ্ড রাজ্যে পরাজয়ের মুখে এখন কংগ্রেস। রাজ্য দুটির বিধান সভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার। ভারতীয় প্রচার মাধ্যমের খবরে বলা হয়, দুটি রাজ্যেই বেশির ভাগ আসনে এগিয়ে রয়েছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তার মিত্ররা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

নির্বাচনে এ ধরনের ফলাফলের কারণ হিসেবে মুদ্রাস্ফীতি এবং বিতর্কিত অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকেই দায়ী করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, রাজ্য দুটি হাত ছাড়া হলে সংস্কার কর্মসূচি নিয়ে চাপের মুখে পড়তে পারেন মনমোহন সিং।

এনডিটিভি জানায়, পাঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে বিজেপি ও এর মিত্র শিরোমণি আকালি দল এগিয়ে আছে ৬৮টি আসনে। এর বিপরীতে কংগ্রেস এগিয়ে আছে ৪৩টি আসনে। আর উত্তরখণ্ডের ৭০ আসনের মধ্যে ৩৭টিতেই এগিয়ে বিজেপি।

বিজেপি’র মুখপাত্র অরুণ জেটলি বলেন,“ সারা দেশেই খাবারের দাম অনেক বেড়ে গেছে, আর জন্যই কংগ্রেসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মানুষ।”

রাজনৈতিক বিশ্লেষক প্রেম শংকর ঝা বলেছেন, “নির্বাচনী ফলাফলের মারাত্মক প্রভাব পড়বে কেন্দ্রীয় সরকারের ওপর। এর ফলে ‘স্পেশাল ইকোনোমিক জোন, খুচরা মূল্য ও মুদ্রাস্ফীতি’ নিয়ে মনমোহন সিংয়ের ওপর চাপ বাড়ানোর একটা সুযোগ পেয়ে যাবেন দলে তার প্রতিপক্ষ নেতারা।”

পাঞ্জাব ও উত্তরখণ্ডের মতোই উত্তর--পূর্বাঞ্চলের রাজ্য মনিপুর নিয়েও ঝামেলায় আছে কংগ্রেস। বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন ও ক্ষুদ্র জাতিসত্ত্বা মনিপুরের মূল ইস্যু। তবে সেখানে আঞ্চলিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন নিয়ে এ যাত্রায় পার পেয়ে যেতে পারে কংগ্রেস।

আশির দশকের বফোর্স কেলেংকারির আসামী ইতালীয় ব্যবসায়ী ওত্তাভিও কাত্রোচ্চি’র প্রত্যর্পণ ইস্যুটি নতুন করে ঝামেলায় ফেলেছে কংগ্রেসকে। একই সময়ে যদি পাঞ্জাব ও উত্তরখণ্ডের নির্বাচনেও হারতে হয় তাহলে বলতে হয়ে, সার্বিক ভাবমূর্তি নিয়েই সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস বেশ বেকায়দায়ই পড়তে চলেছেু।