ডেমোক্রেটরা চান ইরাক থেকে অধিকাংশ মার্কিন সেনা এ বছরই দেশে ফিরবে
ইরাকে অবস্থানরত প্রায় দেড় লাখ মার্কিন সেনার অধিকাংশকেই এ বছরই দেশে ফিরিয়ে আনতে চান ডেমোক্রেটরা। রোববার ওয়াশিংটনে একথা বলেছেন সিনেটের এক শীর্ষ ডেমোক্রেট সদস্য ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান কার্ল লেভিন।
তিনি বলেন, কংগ্রেস ২০০২ সালে বুশকে ইরাক যুদ্ধ শুরু করার যে অনুমতি দিয়েছিল তা পরিবর্তনের পাশাপাশি ইরাকে আরও সেনা পাঠানোর বিরোধিতা করতে প্রয়োজনীয় সমর্থন ডেমোক্রেটরা এখনও পায়নি। বুশের সিদ্ধান্ত অকার্যকর করতে ১০০ সদস্যের সিনেটে ৬০ জনের ভোটের প্রয়োজন হবে।
লেভিন অবশ্য বলেন, কতজন রিপাবলিকান সিনেটর প্রেসিডেন্ট জর্জ বুশের ইরাকে মার্কিন সেনা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ করবেন তা স্পষ্ট নয়।
“আমরা আশা করছি কয়েকজন রিপাবলিকান আমাদের সমর্থন দেবেন। তবে তা পাব কিনা এখনও নিশ্চিত নই।”
ডেমোক্রেটরা ইরাক প্রশ্নে প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করতে সিনেটে যে প্রস্তাব দিতে যাচ্ছে তা এ সপ্তাহেই চূড়ান্ত হবে বলে তিনি জানান।
লেভিন বলেন, “আশা করছি বুশের ওই ক্ষমতায় আমরা পরিবর্তন আনতে পারব।”
“আমরা প্রস্তাবের ভাষা এমন রাখতে চাই যেন আলোচনার পরিবেশ সৃষ্টি হয়, দ্বন্দ্বের নয়।”
ডেমোক্রেটরা ২০০৮ সালের মার্চ মাস নাগাদ ইরাক থেকে অধিকাংশ মার্কিন সেনা দেশে ফিরিয়ে আনতে চায় বলে লেভিন জানান। তবে সব সেনাকেই প্রত্যাহার করার ব্যাপারে আশাবাদী নন তিনি।
“আমরা বিশ্বাস করি না ওই সময়ের মধ্যে সব সেনাকে ফিরিয়ে আনা সম্ভব।”
তিনি বলেন, ইরাকি সেনাদের প্রশিক্ষণ ও সহযোগিতা করতে বেশ কিছু সেনার সেদেশে থেকে যাওয়ার প্রয়োজন হবে। ইরাকে প্রায় পাঁচ হাজার আল কায়েদা সদস্য আছে বলে দাবি করে লেভিন বলেন, এদের দমনে কিছু মার্কিন সেনার সেখানে থেকে যাওয়া দরকার।
