২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল বিজয়ী হোর্তা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রধানমন্ত্রী হোসে রামোস হোর্তা। দেশটির লাগায় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় রোববার তিনি আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

হোর্তা বলেন, “বাওকাও জেলার লাগা উপজেলায় এ সমাবেশে দাঁড়িয়ে পূর্ব তিমুরের সব মানুষের সামনে আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করছি।”

নির্বাচনে সম্পর্কে তিনি বলেন, শান্তি, ঐক্য, সমঝোতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দারিদ্র মোকাবেলার জন্য প্রার্থিতা করতে যাচ্ছেন তিনি।

এর আগে এ সপ্তাহের শুরুতে আল জাজিরা টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার সম্ভাবনার কথা বলেছিলেন তিনি। সে সময় তিনি জানিয়েছিলেন, নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট সানানা গুসমাও ও ক্যাথলিক বিশপদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

গত বছর প্রবল রাজনৈতিক সঙ্কটের সময় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হোর্তা।

ইন্দোনেশীয় দখলদারিত্ব থেকে পূর্ব তিমুরকে মুক্ত করার সংগ্রামের একজন নায়ক হিসেবে পরিচিত বর্তমান প্রেসিডেন্ট জানানা গুসমাও। ১৯৯৯ সালে গণভোটের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আলাদা হয় দেশটি। কিছুদিন জাতিসংঘের তত্ত্বাবধানে থাকার পর ২০০২ সালে পুরোপুরি স্বাধীন হয় পূর্ব তিমুর।

জানানা গুসমাও ও হোসে রামোস হোর্তা দুজনেই দেশটির সমাজতন্ত্রপন্থী প্রভাবশালী রাজনৈতিক দল ফ্রেতিলিনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অবশ্য গত কয়েক বছরে আগের অবস্থান থেকে সরে এসে পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন দুজনই।

অর্থনৈতিকভাবে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি পূর্ব তিমুর। অবশ্য এর উপকূলীয় অঞ্চলে বিপুল তেল--গ্যাসের মজুদ রয়েছে।