মহাশূন্যে পৌঁছাতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
মহাশূন্যে পৌঁছাতে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির আকাশ ও মহাকাশ বিষয়ক গবেষণা কেন্দ্রের কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েব সাইট রোববার এ তথ্য প্রকাশ করা হয়।
ইরান একটি কৃত্রিম উপগ্রহ ও উৎক্ষেপণকেন্দ্র বানানোর পরিকল্পনা করছে- প্রতিরক্ষামন্ত্রী মোস্তফা মোহাম্মদ নাজ্জারের এ মন্তব্যের পরদিনই তেহরান এ খবর জানালো।
“মহাশূন্যে পৌঁছতে সক্ষম প্রথম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছেন ইরানি বিজ্ঞানীরা,” বলেন আকাশ ও মহাকাশ বিষয়ক গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ড. বাহরামি।
প্রতিরক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয় বলে তিনি জানান। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এর আগে ২০০৫ সালে রুশ রকেট থেকে কক্ষপথে সিনা - ১ উপগ্রহ পাঠায় ইরান। সে সময় ক্ষেপণাস্ত্র শাহাব - ৩ কে মহাকাশে উপগ্রহ পাঠাতে সক্ষম উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছিল দেশটি।
এছাড়া প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে একটি পত্রিকা রোববার জানায়, “রাশিয়ার সহযোগিতায় সিনা - ১ মহাকাশে পাঠানোর পাশাপাশি একটি উপগ্রহ ও উৎক্ষেপণকেন্দ্র তৈরি হল আমার মন্ত্রণালয়ের অনেকগুলো পরিকল্পনার একটি।”
