ইতালির প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল প্রোদি
ইতালির প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানোর আহ্বানে সাড়া দিয়ে শনিবার প্রধানমন্ত্রী পদে আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছেন রোমানো প্রোদি। তিনি ‘এ ক্রান্তিকালে দেশকে সাহায্য করার জন্য’ খুব শিগগিরই পার্লামেন্টে যাওয়ারও ঘোষণা দেন।
প্রোদি বলেছেন, “একটি সহযোগী কোয়ালিশনের সমর্থন নিয়ে দেশকে সহায়তা করার উদ্দেশ্যে খুব শিগগিরই পার্লামেন্টে যাব আমি।” এসময় প্রেসিডেন্ট নাপোলিতানোকে তার পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান তিনি।
পররাষ্ট্রনীতি বিষয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পরাজয়ের পর গত বুধবারে পদত্যাগ করেন প্রোদি। তার পদত্যাগের ফলে গভীর রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয় ইতালিতে।
ইতালিকে এ রাজনৈতিক অচলাবস্থা থেকে উদ্ধারের জন্য দুদিন ধরে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানো। কিন্তু বিরোধী নেতা সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির দাবি অনুসারে আগাম নির্বাচন কিংবা অন্য কোনো সমাধানে রাজি হয়নি সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক নেতারা। তাই প্রধানমন্ত্রী প্রোদিকে ক্ষমতায় বহাল থাকার এবং পার্লামেন্টের আস্থা প্রমাণের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী পদে পুনর্বহালের পর এখন পার্লামেন্টের উচ্চ ও নিম্মকক্ষে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাভ করতে হবে প্রোদিকে। দুই কক্ষে ভোট হবে দুদিন। আগামী বুধবার থেকে ভোট গ্রহণ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
