২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলের কাছে পৌঁছালো মহাকাশযান রোসেটা

ইউরোপীয় মহাকাশ বিষয়ক সংস্থার (ইএসএ) মহাকাশযান ‘রোসেটা’ রোববার ভোরে মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছেছে। মহাকাশযানটি সফলভাবে মঙ্গলের কক্ষপথে চক্কর দেয় এবং একপর্যায়ে সবচেয়ে কাছাকাছি অবস্থানে ২৫০ কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 02:05 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সৌর পরিবারের আদি সদস্য ‘ধূমকেতু’কে আরও ভালোভাবে জানার জন্যই এ অভিযানের সূচনা করে ইএসএ। ২০১৪ সালের মধ্যে খেয়াযান রোসেটাকে দূরবর্তী ধূমকেতুর কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ২০০৪ সালে প্রথম এ মহাকাশযান উৎক্ষেপণ করে সংস্থাটি। চার পর্বের অভিযানের দ্বিতীয় পর্বে রোববার এটি মঙ্গলের সবচেয়ে কাছাকাছি এসে পৌঁছালো তিন হাজার কেজি ওজনের রোসেটা।

রোসেটার এ সাফল্যে উচ্ছ্বসিত এর কার্যক্রম ব্যবস্থাপক আন্দ্রিয়া আকোমাজ্জো বলেন, এই সাফল্যে আমরা সবাই খুব খুশি।

এ প্রসঙ্গে ইএসএর বিজ্ঞান বিষয়ক প্রধান ডেভিড সাউথউড বলেন, “সৌরজগতকে জানতে হলে ধূমকেতু সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কারণ, ধূমকেতু হচ্ছে সৌর পরিবারের সবচেয়ে পুরনো সদস্য। ধূমকেতুর সৃষ্টিরহস্য জানতে পারলেই জানা যাবে সৌরজগৎকে। আমরা তাই ধূমকেতু বিজ্ঞান সম্পর্কে জানতে চাই।”

২০০৭ ও ২০০৯ সালে পৃথিবীকে প্রদক্ষিণের মধ্য দিয়ে রোসেটা তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর পূর্বপ্রস্তুতি নেবে।