ফিলিস্তিন সরকারকে চর্তুপক্ষীয় দাবি মানতে জর্ডানের আহ্বান
প্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী চর্তুপক্ষের দাবি মানার ব্যাপারে ফিলিস্তিন ঐকমত্যের সরকারের দায়দায়িত্ব সম্পর্কে আরব দেশগুলোর মধ্যে বিস্তৃত পরিসরে ঐকমত্য আছে বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ।
শনিবার ইসরায়েলি চ্যানেল টু টেলিভিশনে প্রচারিতব্য এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। ওই সাক্ষাতকারের চুম্বক অংশ শুক্রবার প্রচার করে চ্যানেলটি।
আব্দুল্লাহর ওই মন্তব্য হল হামাস - ফাতাহ ঐকমত্যের সরকারের চর্তুপক্ষের দাবি মানা প্রশ্নে আরব দাতা দেশগুলোর পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক মন্তব্য। ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি করাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারের ওপর অবরোধ আরোপ করেছে।
হামাস - ফাতাহ চুক্তিতে চর্তুপক্ষের এসব দাবি মানা হয়নি- ইসরায়েলের এ উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে আবদুল্লাহ বলেন, “এ প্রশ্নে আপনারা একা নন... আন্তর্জাতিক ক্ষেত্রেও এ ব্যাপারে মতৈক্য আছে। শুধু পশ্চিমা বিশ্বই নয়, আরব ও মুসলিম বিশ্বও এটা বিশ্বাস করে যে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে ফিলিস্তিন সরকারকে কিছু শর্ত মেনে নিতে হবে।”
“ফাতাহ দলের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আপনাদের পক্ষে আছেন। তিনি শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রস্তুত। ফিলিস্তিন ঐকমত্যের যে সরকার গঠিত হবে তাকে অবশ্যই চর্তুপক্ষের দাবি মানতে হবে।
“আমরা এক যুগসন্ধিক্ষণে অবস্থান করছি... আমার মনে হয় সত্যিকার অর্থে ইসরায়েল - ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার এটাই সর্বশেষ সুযোগ।”
“আমরা যেসব সুযোগ পেয়েছি তা ধীরে ধীরে কমে আসছে... আমার মনে হয় পরিস্থিতি যেভাবে বদলে যাচ্ছে তাতে আমাদের হাতে সময় এত কম থাকবে যে ‘দুই দেশ’ প্রতিষ্ঠার পর্যাপ্ত সময় হয়ত নাও পাওয়া যেতে পারে।”
হামাস - ফাতাহ চুক্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আগে স্বাক্ষরিত চুক্তিগুলো মেনে চলার কথা বলা হলেও ইসরায়েলকে স্বীকৃতি দান ও দেশটির প্রতি সহিংসতার নিন্দা জানানো প্রশ্নে কোনো মতৈক্য হয়নি। চুক্তি স্বাক্ষরের পরও হামাস বলেছে, তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
বাদশাহ আব্দুল্লাহ বলেন, ফিলিস্তিন ঐকমত্যের সরকারের লক্ষ্য হলো হামাস ও ফাতাহর মধ্যে সংঘর্ষ বন্ধ করা।
“এ চুক্তির লক্ষ্য শুধু এটাই নয়... আন্তর্জাতিক পক্ষ ও আরব দেশগুলোও চায় চর্তুপক্ষের বৈঠকে যেসব নীতিমালা তৈরি করা হয়েছে নতুন ফিলিস্তিন সরকার তা মেনে চলবে।”
“প্রেসিডেন্ট আব্বাসকে ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরুর অধিকার দিতে হবে। নতুন সরকারকে আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি পুরোপুরি মানতে হবে।”
২০০২ সালে আরব দেশগুলো ইসরায়েল - ফিলিস্তিন শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নেয়। এতে ফিলিস্তিন সরকারের ইসরায়েলকে স্বীকৃতি দান এবং ১৯৬৭ সালে আরব - ইসরায়েল যুদ্ধ শুরুর আগে ইসরায়েলি সেনারা যে অবস্থানে ছিল সে অবস্থানে ফিরে যাওয়ার মাধ্যমে দখলকৃত ভূমি ছেড়ে দেওয়ার ব্যাপারে মধ্যস্থতা শুরু হয়। এরপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), রাশিয়া ও জাতিসংঘ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে কার্যকর করার লক্ষ্যে এগিয়ে আসে। তবে সাম্প্রতিক হামাস - ফাতাহ চুক্তি চর্তুপক্ষের মধ্যেই দ্বিধাবিভক্তির সৃষ্টি করেছে।
