ইরানের পরমাণু উচ্চাশা নিয়ে চেনির হুঁশিয়ারি
ইরানকে একটি পরমাণু শক্তিধর দেশ হওয়ার সুযোগ দেওয়া কোনোভাবেই উচিৎ হবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। অস্ট্রেলিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি শনিবার একথা বলেছেন। একইসঙ্গে তিনি ইরানের কর্মকা- ও ঔদ্ধত্যপূর্ণ মনোভাবে উদ্বেগ প্রকাশ করেন।
সিডনিতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চেনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের ‘আগ্রাসী’ ভূমিকা এবং জাতিসংঘ সময়সীমা না মানার ঘোষণায় তিনি উদ্বিগ্ন।
‘ইরান জাতিসংঘের সময়সীমা মানবে না এবং পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের দুর্বলতা দেখাবে না’ প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের এমন ঘোষণার একদিন পরই চেনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
আহমাদিনেজাদের ভাষণের প্রতি উঙ্গিত দিয়ে চেনি বলেন, “তারা অত্যন্ত স্পষ্টভাবেই আক্রমণাত্মক বিবৃতি দিয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, তারা পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে আছে।”
হওিয়ার্ড ও চেনি সংবাদ সম্মেলনে ইরাক যুদ্ধ, চীন ও গুয়ান্তানামোয় অস্ট্রেলীয় বন্দি ডেভিড হিকের বিচার প্রসঙ্গেও কথা বলেন।
হাওয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাক ছেড়ে গেলে ইরানের আগ্রাসী ভূমিকায় ওই অঞ্চলে যে ‘কী ভীষণ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে’ তা তিনি চিন্তাই করতে পারছেন না। এজন্য ইরাক ছেড়ে না যাওয়ার জন্যও মার্কিনিদের পরামর্শ দেন তিনি।
