পাকিস্তানকে ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ বন্ধ করতে হবে: ভারতীয় রাষ্ট্রপতি
ভারত পাকিস্তানের সঙ্গে আরও ভাল সম্পর্ক চায়, কিস্তু সেটা তখনই ফলপ্রসু হবে যখন প্রতিবেশী দেশটি ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ বন্ধ করবে- সমঝোতা এক্সপ্রেসে হামলার পাঁচদিন পর শুক্রবার একথা বলেছেন ভারতীয় রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম।
ওই হামলা সত্ত্বেও শান্তি আলোচনা এগিয়ে নিতে দৃঢ় অঙ্গীকার করে ভারত ও পাকিস্তান। এছাড়া, এ হামলার জন্য দায়ি হিসেবে বরাবরের মত পাকিস্তানি জঙ্গিদের দিকে ইঙ্গিত করা থেকেও বিরত থাকে ভারত।
দেশটির আসন্ন অর্থবছরে সরকারের নীতি কী হবে- বিধানসভার আইনপ্রণেতাদের সে সম্পর্কে জানাতে গিয়ে কালাম এ মন্তব্য করেন।
তিনি বলেন, নয়াদিল্লি পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ নিয়ে এখনও উদ্বিগ্ন। শান্তি আলোচনার সাফল্য নির্ভর করছে ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ বন্ধে পাকিস্তানের দেওয়া প্রতিশ্র“তি অনুযায়ী গৃহীত উদ্যোগের ওপর।
“কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাতে তাদের নিজেদের নিয়ন্ত্রিত ভূখণ্ড ব্যবহৃত হতে না দেওয়া সংক্রান্ত পাকিস্তানের দেওয়া প্রতিশ্র“তি পূরণের ওপর নির্ভর করছে শান্তি আলোচনার সাফল্য।”
সমঝোতা এক্সপ্রেসে হামলার কথা স্মরণ করে কালাম বলেন, “এ দুঃখজনক ঘটনা যেন দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনার পথে কোনো প্রভাব ফেলতে না পারে সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।”
রোববার রাতে বোমা হামলা হয় দিল্লি থেকে পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসে। বিস্ফোরণে কয়েকটি বগিতে আগুন ধরে গেলে মারা যান ৬৮ জন। তাদের বেশিরভাগই পাকিস্তানি। এদের মধ্যে ৩০টি মৃতদেহ এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার বিকেল পর্যন্ত এদের স্বজনদের জন্য অপেক্ষা করা হবে। এরপর এদের দাফন করা হবে বলে শুক্রবার জানান এক সরকারি কর্মকর্তা অমিত আগরওয়াল।
এছাড়া রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব বিধানসভায় বক্তব্য রাখার সময় রেলের নিরাপত্তা বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
