২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় একটি ফেরিতে আগুন লেগে বৃহস্পতিবার ১১ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 03:35 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

লেভিনা- ১ নামে ওই ফেরিটি ৫০টি গাড়ি নিয়ে সুমাত্রার বাঙ্কা দ্বীপের উদ্দেশে জাকার্তার তানজুং প্রিয়ক বন্দর ছেড়ে যায়। এতে যাত্রী ছিল ৩৫০ জন। বন্দর থেকে ৫০ মাইল দূরে জাকার্তা উপসাগরে ফেরিটিতে আগুন লাগে।

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হেন্দ্রা পাকান রেডিও এলশিনতাকে জানান, “ফেরির ক্যাপ্টেন ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে দুটি শিশুও রয়েছে।”

ফেরির বাকি যাত্রী ও নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানান পাকান।

লেফটেন্যান্ট কর্নেল পাকানের বলেন, “আগুন লাগার পর অনেকে পানিতে ঝাঁপিয়ে পড়েন।”

মুরশিদ নামে বেঁচে যাওয়া এক যাত্রী তার অভিজ্ঞতা বর্ণনা করেন এভাবে। “তখন অন্ধকার ছিল। আগুন লাগার পরপরই আমি একটি লাইফবোট নিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়লাম। অনেকে কোনো লাইফবোট ছাড়াই প্রাণরক্ষার তাগিদে সাগরে ঝাঁপ দেয়। যাদের কাউকে কাউকে মৃত্যুবরণ করতে হয়।”

নৌবাহিনীর আরেক কর্মকর্তা মেজর আবদুল কাদির জানান, আগুন নেভানো হয়েছে এবং ফেরিটি এখনো সাগরে ভাসছে। 

ইন্দোনেশিয়ায় প্রায় ১৭ হাজার বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। দ্বীপগুলোতে যাওয়া-আসার জন্য ফেরি হচ্ছে সবচেয়ে সহজলভ্য বাহন।

তবে ফেরি চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা না মানার ফলে প্রায়ই অতিরিক্ত যাত্রী বোঝাই এ সব ফেরিতে দুর্ঘটনা ঘটে।