২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনেডির গুলিবিদ্ধ হওয়ার পূর্বমুহূর্তের নতুন ভিডিওচিত্র প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির গুলিবিদ্ধ হওয়ার পূর্বমুহূর্তের নতুন একটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে সোমবার। এটি কেনেডির মৃত্যুরহস্য উদ্ঘাটনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 04:44 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে এক মোটর শোভাযাত্রার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রেসিডেন্ট কেনেডি। হত্যাকারী হিসেবে ধরা পড়েন লি হার্ভে অসওয়ার্ল্ড। তবে এ হত্যাকাণ্ডের পেছনে কি অসওয়ার্ল্ড একাই ছিলেন, না আরও কারও হাত ছিল- সে রহস্যের মীমাংসা হয়নি আজও। এখনও তা অনুসন্ধিৎসুদের কাছে গবেষণার বিষয়।

আট মিলিমিটার ফিল্মে ৪০ সেকেন্ডের এই ভিডিওচিত্র ধারণ করেন সৌখিন আলোকচিত্রী জর্জ জেফারিস। সোমবার তিনি এটি দান করেন সিক্সথ ফ্লোর জাদুঘরকে। যে ভবনের ছয় তলা থেকে অসওয়ার্ল্ড গুলি ছোড়েন, সেখানেই প্রতিষ্ঠিত হয় জাদুঘরটি। প্রেসিডেন্ট কেনেডিই এর মূল উপজীব্য। 

জেফারিসের ভিডিওচিত্রটি কেনেডির গুলিবিদ্ধ হওয়ার ৯০ সেকেন্ড আগে তোলা। এতে অনেক সুস্পষ্টভাবে দেখা গেছে ফার্স্টলেডি জ্যাকুলিন কেনেডিকে। এ সময় তাকে বেশ সপ্রতিভ মনে হয়েছে বলে জানান জাদুঘরের তত্ত্বাবধায়ক গ্রে ম্যাক। তিনি বলেন, “আগের কোনো ভিডিওচিত্রেই জ্যাকুলিন এত ভালোভাবে ধরা পড়েননি। ”

ম্যাকের ভাষায়, “যারা ওই সময় ভিডিও ধারণ করেন, তারা কেউই ভাবেননি এটা এত গুরুত্বপূর্ণ বা ইতিহাসের অংশ হয়ে উঠবে।”