ইরানের পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ রাখবে রাশিয়া
ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ রাখবে রাশিয়া। ইরানের কাছ থেকে কাজের মজুরি সময়মতো না পাওয়ায় রাশিয়া এ সিদ্ধান্ত নিচ্ছে বলে দেশটির পরমাণু সংস্থা রোসাটমের একটি সূত্র সোমবার জানিয়েছেন।
সূত্র জানান, বুশেহর পরমাণু কেন্দ্রের নির্মাণকাজ শেষ করার জন্য পূর্বনির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হবে। এক মাসেরও বেশি সময় ধরে ইরান রাশিয়ার প্রাপ্য মজুরি পরিশোধ করছে না বলে তিনি জানান।
তবে এ ব্যাপারে ইরানি কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাশিয়া বুশেহরে ইরানের প্রথম পরমাণু কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে ১৯৯০ এর দশকের শুরুতে। কারিগরি সমস্যার কারণে বিভিন্ন সময় তারা নির্মাণ কাজ বন্ধ রাখে। তবে এবার কতদিন নির্মাণ কাজ বন্ধ রাখা হবে রাশিয়া তা জানায়নি।
আগামী মাস থেকে ওই কেন্দ্রে পরমাণু জ্বালানি সরবরাহের কথা ছিল রাশিয়ার। ফলে আগামী সেপ্টেম্বরে এটি চালু হওয়ার কথা থাকলেও তা এখন পিছিয়ে যাচ্ছে।
ইরানের পরমাণু উচ্চাশা নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে এ পরমাণু কেন্দ্র নিয়ে রাজনৈতিক বিতর্ক দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রের সন্দেহ ইরান সেখানে পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করছে। সে কারণে বুশেহর পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ রাখা নিয়ে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করছে দেশটি। তবে ইরান ও রাশিয়া উভয়ই বলছে, এ কেন্দ্রে কেবল বিদ্যুৎ উৎপাদন করা হবে।
