তালেবান ঠেকাতে আফগান সীমান্তে সম্ভাব্য সবকিছুই করা হবে: পাকিস্তান
আফগানিস্তানের সঙ্গে ২,৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব না হলেও তালেবানদের যাতায়াত ঠেকাতে সম্ভাব্য সবকিছুই করা হবে বলে জানিয়েছে পাকিস্তান।
লাওয়ারা দুর্গ,পাকিস্তান, ফেব্র“য়ারি ১৮ (নফহবংি২৪.পড়স/জবঁঃবৎং) --
দেশটির সেনা কর্মকর্তারা বলেন, সীমান্ত পাহারা দেওয়া পাকিস্তানের একার কাজ নয়, আফগান কর্তৃপক্ষ ও ন্যাটো বাহিনীকেও এজন্য কাজ করতে হবে।
রোববার পাকিস্তানের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য সাংবাদিকদের একটি দলের আফগান সীমান্ত অঞ্চল পরিদর্শনকালে ব্রিগেডিয়ার রিজওয়ান আকতার একথা বলেন।
ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় লাওয়ারা দুর্গের কমান্ডার ব্রিগেডিয়ার আকতার বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী যে কাউকে নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত আমরা।”
এ চেষ্টার লক্ষ্য শুধু তালেবান অনুপ্রবেশ ঠেকানো নয়, বরং সীমান্ত পার হয়ে জঙ্গিদের আফগানিস্তানে যুদ্ধযাত্রাও ঠেকানো।
অত্যন্ত রুক্ষ পার্বত্য সীমান্ত অঞ্চলে এমন অনেক দুর্গম স্থান আছে যেখানে সারা বছর পাহারা দেওয়া প্রায় অসম্ভব। ওই অঞ্চলে আছে গাছপালাহীন উঁচু পাহাড়ের দেওয়ালের মধ্যে সরু নালার মতো পথ, আবার মাইলের পর মাইল বিরানভূমি, শুভ্র বরফে ঢাকা হিমশীতল পর্বতচূড়া, আছে ঘন জঙ্গলে ছাওয়া দুর্গম পাহাড়।
ওয়াজিরিস্তানের এমন সীমান্ত পাহারা দেওয়ার জন্য সেখানে ৯৭টি সীমান্ত চৌকি আছে পাকিস্তানের। সে তুলনায় আফগানদের সীমান্ত ফাঁড়ির সংখ্যা অনেক কম। উদাহরণ হিসেবে লাওয়ারা সীমান্তের কথা বলেন ব্রিগেডিয়ার আকতার। সেখানে তাদের ৩৬টি চৌকির বিপরীতে আফগানদের আছে মাত্র ছয়টি।
সীমান্ত পথে তালেবানদের যাতায়াত ঠেকাতে আদিবাসী গোত্রপতিদের সঙ্গে সাম্প্রতিক সহযোগিতার কথাও জানান আকতার। ওই অঞ্চলে প্রবীণ গোত্রপ্রধানদের ক্ষমতায়নের মাধ্যমে সেখানে জঙ্গিদের আশ্রয় না দেওয়ার জন্য তাদের অনুরোধ জানিয়েছে কর্তৃৃপক্ষ। স্থানীয় বিষয়গুলোতে গোত্রপতিদের ক্ষমতা দিয়ে এ বিষয়ে একটি চুক্তিও করেছে পাকিস্তান।
মিরানশাহর সামরিক ঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে আদিবাসী নেতা গুল আবাদ খান আফগানিস্তানে তালেবানদের সন্ত্রাসী তৎপরতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকার কথা পুরোপুরি অস্বীকার করেন।
আদিবাসী অধ্যুষিত ওই অঞ্চলে তালেবানদের কোনো ঘাঁটি নেই এবং সেখানে কোনো প্রশিক্ষণ হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
আফগান কর্তৃপক্ষ ও ন্যাটো বাহিনী পাকিস্তানের সীমান্ত অঞ্চলে তালেবান ঘাঁটি এবং সেখানকার প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ে অভিযোগ করে আসছে পাকিস্তানের কাছে।
